স্বাধীনতা-উত্তর বিগত প্রায় চার দশকে আমাদের সবচেয়ে বড় অর্জন সংবিধান। একই সময়ের বড় বিসর্জনও এই সংবিধান।আইন ও বিচারের জগতে আমাদের এই চার দশকের নাতিদীর্ঘ ইতিহাস খোঁজা যায় সংবিধানের অর্জন ও বিসর্জনের মধ্যে আমরা প্রায় সবাই যেটা খেয়াল করি না, সেটা হলো—আইনগতভাবে এই সংবিধান রচনার অধিকার আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সর্বপ্রধান আইনি যুক্তি ও ভিত্তি।ইদানীং সংবিধান সংশোধন নিয়ে বিতর্কে বড় রাজনৈতিক নেতারা বলেছেন, সংবিধান প্রণয়ন ও সংশোধনের ক্ষমতা শুধু সংসদের, কথাটা ভুল।সংবিধান প্রণয়নের ক্ষমতা এই সংসদ বা কোনো সংসদের নেই। আমাদের সংবিধান রচনা বা প্রণয়ন করেছিল গণপরিষদ। গণপরিষদ দ্বারা প্রণীত সংবিধানের আওতায় প্রথম সংসদ নির্বাচন হয়েছিল ১৯৭৩ সালের মার্চ মাসে।আরেকটু পেছনে যাই। ১৯৭০ সালের নির্বাচন। সেই নির্বাচনটা ছিল গণপরিষদের নির্বাচন। ১৯৬২ সালের পাকিস্তানের সংবিধান ১৯৬৯ সালে ইয়াহিয়া খান বাতিল করেন। ফলে পাকিস্তানের জন্য নতুন সংবিধান দরকার ছিল। নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের জন্য সারা পাকিস্তানে ১৯৭০ সালের ডিসেম্বরে, আর কিছু আসনে ১৯৭১ সালের জানুয়ারিতে নির্বাচন হয়। সেই নির্বাচন-সংক্রান্ত আইনে বলা ছিল, সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের নির্বাচন হবে ওই আইন অনুযায়ী।১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ছয় দফা ছিল প্রণীতব্য সংবিধানের মূল কাঠামো। নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে সরকার কী কী করবে, তার ফিরিস্তিগোছের মেনিফেস্টো ছিল না; ছিল আমদানি-রপ্তানি, মূলনীতি, সামরিক-পররাষ্ট্র সব সংবিধানের মূল কাঠামোর কথা, স্বায়ত্তশাসনের কথা।নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করেনি। কারণ, সরকার গঠন মুখ্য ছিল না, মুখ্য ছিল গণপরিষদের অধীনে সংবিধান নিয়ে আলোচনা শুরু করা। গণপরিষদের প্রথম অধিবেশন আর হয়নি।তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক তথা প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রথমে ঘোষণা দিয়েছিলেন, ১ মার্চ ১৯৭১ সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসবে। পরে ফেব্রুয়ারির শেষে তা বাতিল করলেন। শুরু হলো মার্চ ১৯৭১-এর অসহযোগ আন্দোলন। তারপর ২৫ মার্চের ভয়াল কালরাত। তারপর ১০ এপ্রিল ১৯৭১ সালের আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের গণপরিষদ হিসেবে গঠন করে, সেই গণপরিষদ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করল। গণপরিষদ স্বাধীনতার ঘোষণাপত্রে বলল, ‘যেহেতু জনগণ আমাদের সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত করেছে, সেহেতু আমাদের প্রধান কাজ সংবিধান প্রণয়ন করা এবং এই সংবিধান প্রণয়নের দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলাম।’একাত্তরের ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হলো। বাহাত্তরের শুরুতে গণপরিষদ সংবিধান প্রণয়নের কাজ শুরু করল। গণপরিষদের সদস্যদের মধ্য থেকে ৩৪ জন সদস্য নিয়ে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি হলো। ড. কামাল হোসেন ছিলেন সেই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি। সে সময় নির্বাচিত এই ৩৪ জনের কমিটির বেশির ভাগ সদস্যই বর্তমানে জীবিত নেই। যাঁরা এখনো সক্রিয় আছেন, তাঁদের মধ্যে অন্যতম সুরঞ্জিত সেনগুপ্ত ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম।১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ নতুন সংবিধান অনুমোদন ও গ্রহণ করল। ১৪ থেকে ১৬ ডিসেম্বর গণপরিষদের সর্বমোট ৩৮৬ জন সদস্য নতুন সংবিধান করলেন এবং সংবিধান প্রথম বিজয় দিবস অর্থাৎ ষোলোই ডিসেম্বর ১৯৭২ সাল থেকে কার্যকর হলো।গণপরিষদের সদস্যরা নতুন সংবিধানে স্বাক্ষর করে তাঁদের ওপর জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করলেন এবং দায়িত্ব সম্পন্ন হওয়ায় তাঁরা পদত্যাগ করলেন। গণপরিষদ ভেঙে গেল। তাঁদের প্রণীত সংবিধানের আওতায় ১৯৭৩ সালের মার্চ মাসে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো সংসদ গঠনের জন্য।সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে এবং সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। সংসদ দুই-তৃতীয়াংশ ভোটে সংবিধানের সংশোধন করতে পারে। অষ্টম ও পঞ্চম সংশোধনী-সংক্রান্ত রায়ের ফলে এটা স্বীকৃত ও নির্ধারিত যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে এমন কোনো সংবিধান সংশোধন সংসদ করতে পারবে না।নতুন সংবিধান প্রণয়নের ক্ষমতা সংসদের নেই।১৯৭২ সালের সংবিধানটা অত্যন্ত উচ্চমানের সংবিধান। এটা আমাদের বিরাট ও অমূল্য অর্জন।দেশ পরিচালনার মূলনীতি সাংবিধানিক মৌলিক অধিকার বলবৎ ও কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টের ক্ষমতা, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানসহ প্রায় সবকিছুই নিখুঁত। হয়তো ক্ষুদ্র জাতিসত্তা ও তাদের অধিকার নিয়ে একটা অনুচ্ছেদ থাকা উচিত ছিল। এটা ছাড়া এ মুহূর্তে তেমন কোনো দুর্বলতার কথা মাথায় আসছে না।সামরিক শাসনামলে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগুলোর ওপর যে অত্যাচার-নিপীড়ন শুরু করা হয়েছিল, সেটা না করা হলে ক্ষুদ্র জাতিসত্তার স্বীকৃতি ও তাদের অধিকার মামলার মাধ্যমে সংবিধানে স্বীকৃত হয়ে যেত।যেই দেশের স্বপ্ন ও কাঠামো ১৯৭২-এর সংবিধানে ব্যক্ত হয়েছিল, তা থেকে গত চার দশকে আমরা সত্যিকার অর্থে কেবলই পিছু হটেছি।প্রথম ও তৃতীয় সংশোধনী ছাড়া সংবিধানে এ পর্যন্ত আর বাকি ১২টি সংশোধনীই অধিকার বিসর্জনের ইতিহাস।প্রথম সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের পথ সুগম করা হয়। ছিটমহল-সংক্রান্ত ভারতের সঙ্গে একটা চুক্তির দৃঢ় আইনগত ভিত্তি দিতে করা হয় সংবিধানের তৃতীয় সংশোধনী।সব সংশোধনীর ফিরিস্তি অপ্রয়োজনীয়। সবচেয়ে ব্যাপক ও জনগণের অধিকারহানিকর এবং একই সঙ্গে রাষ্ট্রপতির একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সংশোধনী ছিল চতুর্থ সংশোধনী। দ্বিতীয় হানিকর হলো পঞ্চম সংশোধনী, যাতে সংবিধানের অনেক মূলনীতি বদলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতির একচ্ছত্র ক্ষমতা, সুপ্রিম কোর্টের ক্ষমতাহীনতা, একদল ইত্যাদি-সংক্রান্ত চতুর্থ সংশোধনীর অনেক অনুচ্ছেদ পঞ্চম সংশোধনী দ্বারা বাতিল হয়েছিল। কিন্তু চতুর্থ সংশোধনীর কিছু অনুচ্ছেদ সংবিধানে রয়ে গেছে। এগুলোও জনগণের অধিকারহানিকর। কিন্তু পঞ্চম সংশোধনীর রায়ে এ ধরনের কিছু অনুচ্ছেদের ব্যাপারে কোনো দিকনির্দেশনা নেই।সপ্তম সংশোধনী ইদানীং হাইকোর্ট বাতিল করেছেন। পূর্ণ রায় এখনো পাওয়া যায়নি।হুসেইন মুহম্মদ এরশাদ অষ্টম সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম করলেন ইসলাম। ১৯৭২ সালের বাংলাদেশ নামের রাষ্ট্রটি বিধর্মী ছিল কি না, সেটা আমার কাছে স্পষ্ট নয়। তবে রাষ্ট্রের একটা ধর্মবিশ্বাস থাকা দরকার, সেটা সেনাশাসকদের কাছে স্পষ্ট হয়ে উঠেছিল ১৯৭৫ সালের সেনাশাসনের শুরু থেকে। রাষ্ট্রকে ধার্মিক বানানোর প্রক্রিয়া শুরু হয় ১৯৭৭ সালে, আর শেষ হয় ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে।২ক অনুচ্ছেদে আছে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম’; ৩ অনুচ্ছেদে আছে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’; ৪-এ আছে ‘প্রজাতন্ত্রের জাতীয় সংগীত...’; ৫-এ আছে ‘প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা’।রাজধানী, সংগীত ইত্যাদি ব্যাপারে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, ঠিক একই শব্দ ব্যবহূত হয়েছে ‘ইসলাম’-এর ব্যাপারে। রাজধানী ও সংগীতের সঙ্গে ‘ইসলাম’ সমপর্যায় বা সমমর্যাদাসম্পন্ন হয়ে গেল কি না, সে ব্যাপারে ধর্মীয় চিন্তাবিদদের ফতোয়া পেলে ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হতো। নিদেনপক্ষে হুসেইন মুহম্মদ এরশাদ—যেহেতু তাঁর কৃত সংশোধনীতে এই সমার্থক বা সমমর্যাদার শব্দগুলো ইসলামের ব্যাপারেও ব্যবহার করা হয়েছে, তো এ ব্যাপারে একটা ফতোয়া জারি করতে পারেন। হিসাব রাখিনি, তবে সাধারণ ধারণা থেকে নিশ্চয় বলা যায়, দেশের যেকোনো ইসলামি চিন্তাবিদ বা আলেমের চেয়ে হুসেইন মুহম্মদ এরশাদ সাহেব বেশিবার হজ-ওমরাহ পালন করেছেন।২.পঞ্চম সংশোধনী রায়ের আলোকে পুনর্মুদ্রণ করেই কাজ শেষ হবে না। এখন পঞ্চদশ সংশোধনী দরকার। সংসদকে এ ব্যাপারে সিরিয়াস হতে হবে। অন্যথায় ক্রমান্বয়ে জটিলতা বাড়বে। জটিলতা বাড়লে অস্থিরতা বাড়বে।জরুরি অবস্থাসংক্রান্ত ১৪১ক অনুচ্ছেদটা বদলাতে হবে। আগে জরুরি অবস্থার বিধান ছিল ৬৩ অনুচ্ছেদে। জরুরি অবস্থার ১৪১ক এসেছিল দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে। আপিল বিভাগের ইদানীং একটা রায়ে জরুরি অবস্থাকে আরও উৎকট করে দেওয়া হয়েছে। ওই রায়েরও রিভিউ দরকার।৭৩ক এবং তার সঙ্গে সংযুক্ত ৫৬ অনুচ্ছেদ নিয়েও ভাবতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে অনির্বাচিত মন্ত্রী থাকার কথা নয়। ১৯৭২-এর সংবিধানে বলা ছিল, কোনো অনির্বাচিত ব্যক্তি মন্ত্রী হলেও ছয় মাসের মধ্যে তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত হতে হবে। অনির্বাচিত মন্ত্রীর সংসদে কথা বলার এখতিয়ার ছিল না, যেটা পরবর্তী সময়ে দিয়েছে ৭৩ক অনুচ্ছেদ, যেটি এসেছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে। দ্বাদশ সংশোধনীতে ৭৩ক-এর আরও কিছু সংশোধনও হয়েছে।৯৯ অনুচ্ছেদ, অর্থাৎ অবসর গ্রহণের পর বিচারপতিরা প্রজাতন্ত্রের আর কোনো চাকরি করতে পারবেন না—এ নিষেধাজ্ঞাটা অবিলম্বে ফিরিয়ে আনতে হবে।আশির দশকের শুরুর দিক থেকে আরম্ভ করে পরবর্তী ২০ বছরে বহু রায়ের মাধ্যমে নিবর্তনমূলক আটকাদেশ, অর্থাৎ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় প্রদত্ত আটকাদেশ ক্রমাগতভাবে অবৈধ ঘোষণা করে নিবর্তনমূলক আটকাদেশের আইন অকার্যকর করে দিয়েছে। এটা তৃতীয় বিশ্বের কোনো সুপ্রিম কোর্টই করতে পারেননি। অতএব, বিরাট অর্জন।বিবাহ, বিচ্ছেদ, বিশেষত পুত্র-কন্যার হেফাজত বা সন্তানেরা বাবা না মা—কার কাছে থাকবে এবং এ ছাড়া ইসলামি পারিবারিক আইনের অনেক সেকেলে বিধান সুপ্রিম কোর্ট বাতিল করেছেন ক্রমান্বয়ে। এটাও বড় অর্জন। পরিবেশ, বস্তিবাসীর অধিকার এবং অন্য আরও বিষয়ে কোর্টের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।৩.সংসদের গত অধিবেশন ১১ বলে ১৩ রান। অর্থাৎ অধিবেশন হয়েছে ১১ দিন, আইন বা সংশোধনী আইনসহ আইন পাস হয়েছে ১৩টি। ওয়ানডে ক্রিকেটে এটা নিঃসন্দেহে ভালো রান রেট। আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে আমরা সবাই উজ্জীবিত। কিন্তু সংসদ নিজেকে ওয়ানডে ম্যাচের টিম হিসেবে গণ্য না করলেই মঙ্গল।উনিশ-বিশ বা দাঁড়ি-কমার হিসাব রাখতে পারি না। তবে যত দূর গুনতে পারি, তাতে মনে হচ্ছে, বর্তমান সংসদ শ দেড়েক দিন অধিবেশনে বসে আইন পাস করেছে সোয়া শয়ের মতো। দেড় শ বলে সোয়া শ রান।নতুন আইন প্রস্তাব করা আর নতুন আইন পাস করা শুধু সংসদ নয়, মনে হয় আমাদের একটা সামগ্রিক বাতিক হয়ে গেছে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে ডাবল সেঞ্চুরি অবশ্য হয়নি, তবে কমবেশি দেড় শ অধ্যাদেশ জারি হয়েছিল।২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচন আর ৬ জানুয়ারি ২০০৯-এ নতুন সরকার ক্ষমতা নেওয়ার মাঝে যে দিন পাঁচেক কার্যদিবস ছিল, তখনো প্রতিদিন একটা করে নতুন আইন আমরা পেয়েছিলাম।অবশ্য সত্তর আর আশির দশকের সামরিক সরকারগুলোর আমলে খেলা হতো টোয়েন্টি-টোয়েন্টি। সকাল, দুপুর, বিকেল—দিনেই দুই-তিনটা করে আইন বা সামরিক ফরমান হতো।বলে, বাঙালি আইন মানে না। আরে বাবা, কত আইন আমি বাঙালি মানব। আইনের তোড়ে তো দম ফেলারই সময় পাচ্ছি না।অপরাধ আর তার শাস্তি নিয়ে গত প্রায় চার দশকে কত ডজন আইন যে হয়েছে, তার ফিরিস্তি কি পুলিশের কোনো মহাপরিদর্শক দিতে পারবেন? আর আইজি সাহেব না পারলে বেচারা ওসি কী করবেন? পুলিশকে এত বেশি আইনের অধীনে অপরাধের তদন্ত আর তদন্ত রিপোর্ট লেখার দায়ভার চাপানো হচ্ছে যে সাব-ইন্সপেক্টরদের আইনে পিএইচডি না হলেও অন্তত একটা ব্যারিস্টারি ‘ডিগ্রি’ লাগবে। মানি লন্ডারিং আইনের অপরাধী খুঁজতে গিয়ে কোনো কনস্টেবল যদি পাড়ার লন্ড্রিতে হানা দেন, তল্লাশি চালান ‘মানি’র জন্য, তাইলে তাঁকে আমি দুষব না।ঢাকার বাইরে সংসদ পাস করার আইন বিক্রির দোকান কয়টা আছে, তার খোঁজ কি সংসদ বা মন্ত্রণালয় রাখে।অনেক নতুন নতুন আইনে নতুন বিচারপদ্ধতি সংযোজিত হয়। আইন-বিচার রসায়ন বা পদার্থবিদ্যা থেকে ভিন্ন। আইন-বিচারে যত বেশি উদ্ভাবনী শক্তি ব্যয় করা হয়, তত বেশি অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হয়।নতুন আইন প্রণয়নের বাতিক পরিত্যাগ করতে হবে। আর সব মামলার বিচার, যতদূর সম্ভব প্রচলিত দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হতে হবে। প্রতিটি নতুন আইনে নতুন কার্যবিধি হলে দোষী ব্যক্তিরা শাস্তি এড়াতে পারে। দুর্নীতি দমন আর নারী-শিশু নির্যাতন দমন আইনে যত মামলা হয়েছে, তার শতকরা এক ভাগ মামলায়ও অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পায়নি। এসব আইনে তাদের নিজস্ব কার্যবিধি বা মামলা কীভাবে পরিচালিত, তার হরেক রকম নতুন তালিকা অভিযুক্ত ব্যক্তিদের পার পাওয়ার দ্বার প্রসারিত করে দিয়েছে।৪.আমাদের ফৌজদারি বিচারব্যবস্থায় কোনো উন্নতি হয়নি চার দশক ধরে। কথায় কথায় মৃত্যুদণ্ড, রিমান্ড আর ক্রসফায়ার ছাড়া।ফরাসি দার্শনিক মতেঁস্কু প্রায় আড়াই শ বছর আগে বলেছিলেন, একটা সমাজে আইন ও শাস্তি যত কঠোর, সমাজটা তত বেশি বর্বর। আমাদের ক্রমাগত বর্বর থেকে বর্বরতর হওয়ার প্রাণান্তকর চেষ্টার পরিণতি কী হবে, ভাবতেও শঙ্কা জাগে।আমাদের ফৌজদারি বিচারব্যবস্থাটা গরিব-দরিদ্র জনগণের শোষণের সবচেয়ে ভয়াবহ হাতিয়ার। গরিব-দরিদ্র জনগোষ্ঠীকে ফৌজদারি মামলায় জড়িয়ে তার একফালি জমি, গরু, শাকসবজি বা অন্যের কাছ থেকে ধার করা টাকার ভাগ বসানো—ভাগাভাগি হয় দালাল, পুলিশ, আইনজীবী, কোর্টের কর্মকর্তা ও কর্মচারী, কিছু কিছু বিচারক আমরা সবাই মিলে শোষণের একটা দুর্ধর্ষ ব্যবস্থা চালু রেখেছি।বর্তমানে হাইকোর্টে প্রায় ৫৫০ ডেট রেফারেন্স মামলা পেন্ডিং বা বিচারের অপেক্ষায় আছে। অর্থাৎ এই ৫৫০ মামলার আসামিরা নিম্ন আদালতে দোষী প্রমাণিত হয়েছেন এবং তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ডেথ সেনটেন্স। মৃত্যু হলে সে মামলার আপিল বাধ্যতামূলক, আর তাই সব কটি হাইকোর্টে আপিল নিষ্পত্তির অপেক্ষায় আছে। এই ৫৫০টি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা জানি না, হাজার খানেক নিশ্চয়ই হবে।যেটা মোটামুটি জানি, সেটা হলো, এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের প্রায় তিন-চতুর্থাংশের হাইকোর্টে আইনজীবী নিয়োগের সামর্থ্য নেই।আমাদের প্রায় চার দশকের ইতিহাসে ওয়ান-ইলেভেনের সেনানিয়ন্ত্রিত সরকার আমলটাই একমাত্র সময়, যখন শ দুয়েক ক্ষমতাবান ব্যক্তি (রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ইত্যাদি) জেলে গিয়েছিলেন। শ দুয়েক ক্ষমতাবান ব্যক্তিকে জেলে পুরে কোনো সরকারই টিকতে পারে না। ক্ষমতাবান ব্যক্তিকে জেলে পোরা মানে বিরাজনীতিকরণ, দুঃশাসন, আইনের শাসনের ব্যত্যয়। আগে ও পরে আইনের শাসনে দেশ সয়লাব। তাই ক্ষমতাবানেরা অপরাধ করেন না।বিরোধীদলীয় নেতা-কর্মীদের জেলে পাঠানো হয়, সেটা ‘রাজনীতি’। ফৌজদারি বিচারব্যবস্থার সঙ্গে তার সম্পর্ক নেই।আর যত ফৌজদারি মামলা হয়, তার ১০ ভাগের এক ভাগ মামলায়ও অভিযুক্ত দোষী প্রমাণিত হয় না। বাকি শতকরা ৯০ ভাগ মামলা ফৌজদারি বিচারব্যবস্থার সঙ্গে জড়িত সবার ‘উপরি’ আয়ের ব্যবস্থা মাত্র। হাজার হাজার নির্দোষ লোক জেলে থাকছে, সেটা অতি মামুলি ব্যাপার। ক্রসফায়ারে তো মরছে না।৫.আইন, শিক্ষা, গবেষণা, বই লেখালেখি, উচ্চতর ডিগ্রি ইত্যাদি আইন ও বিচারব্যবস্থার অংশ। নোটবই দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদেরও বিদ্যার্জন হয় না—এটা এখন সর্বজনস্বীকৃত। কিন্তু আইনজীবীদের জন্য নোটবই একমাত্র সম্বল। বই বলতে যা বোঝায়, গত চার দশকে আইনসংক্রান্ত সে রকম বই গোটা বিশেকের বেশি ছাপা হয়নি।বরং ‘বার এট ল’টা এ দেশে ডিগ্রি হিসেবে চালু হয়ে আছে। এত দিন জানতাম, ‘ডিগ্রি’ দেয় বিশ্ববিদ্যালয়। এখন বুঝতে পারছি, ভুল জানতাম। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বদৌলতে হাজার পঞ্চাশেক টাকা হলেই আইনের ডিগ্রি পাওয়া যায়। দু-চারটা ব্যতিক্রম নিশ্চয় আছে। তাতে কিছু যায়-আসে না।আইনজীবী হতে হলে বার কাউন্সিলের যে পরীক্ষা দিতে হয়, তার সিলেবাস হলো সর্বকালের সবচেয়ে সংক্ষিপ্ত। তা ছাড়া নকল করা ওই পরীক্ষায় আইনসিদ্ধ, বেআইনি নয়।দেশে প্রতিবছর গড়ে মামলা দায়ের হয় সাত লাখের মতো। আইনজীবীর সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। গড়পড়তা বছরে ভাগে পড়ে ২০টা। মাসে গড়ে দেড়টার মতো। অতএব, আইনজীবীর কাছে গেলে কী উপদেশ পাবেন, সেটা তো বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না।এর সঙ্গে জড়িত আরেকটা বিষয় হলো রাষ্ট্রের আইনজীবী বা আইন কর্মকর্তা। রাষ্ট্র আছে মামলা-মোকদ্দমা করে। আর তার (অর্থাৎ রাষ্ট্র ও সরকার) বিরুদ্ধেও প্রচুর মামলা হয়, অথচ আইনজীবী-ক্যাডার নেই। রাষ্ট্রের পক্ষ হয়ে পিপি, জিপি ও তাঁদের সহকর্মী অ্যাটর্নি জেনারেল অফিস এবং বিভিন্ন মন্ত্রণালয়ে শ খানেক বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়ে রাষ্ট্রের আইনজীবীর সংখ্যা প্রায় আনুমানিক হাজার তিনেক। ভিন মহাদেশের হাঁস-পাখি যেমন শীতে আসে, গ্রীষ্মে চলে যায়—তাঁরাও ওরকম। সরকার বদলের সঙ্গে সঙ্গে এই তিন হাজার জন বাতিল হবেন, আসবে নতুন সেট।ফলাফল—রাষ্ট্র অল্প মামলাতেই জেতে। যেমন, ৯০ শতাংশ আসামি খালাস পায়। কারণ, রাষ্ট্রের দক্ষ আইনজীবী নেই।কৃষিমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী যদি কৃষি বা স্বাস্থ্যব্যবস্থার উন্নতির কথা বলতেন, আর আমরা যদি জানতাম যে সরকারের কৃষি অফিসার বা ডাক্তার-স্বাস্থ্যকর্মী নেই, তাহলে ব্যাপারটা যেমন হাস্যকর হতো, তেমনি যখন আইন বা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বা আইন তার নিজস্ব গতিতে চলবে, তখনই মনে পড়ে যে আইন কর্মকর্তা বা কর্মী তো নেই। অবশ্য এ দেশে সবই সম্ভব।৬.সহজেই আইন ও বিচারব্যবস্থার উন্নতিও সম্ভব। কাজটা মোটেও দুরূহ নয়।জনগণের মন জয় করা সরকারের কাজ। হাটবাজার, রাস্তাঘাট, স্কুল-কলেজ, বন্যা-দুর্যোগে সাহায্য, বিদ্যুৎ-যানজট—এসব করেই সরকার আবার ভোটে জয়ী হওয়ার আশা করতে পারে।কিন্তু গত প্রায় চার দশকে সরকার ক্রমান্বয়ে বেশি করে ভাবছে যে বিচার বিভাগও সরকারের অংশ। অর্থাৎ, বিচার বিভাগের মাধ্যমেও ভোট বাড়ানো যাবে।ভুল ও গন্ডগোল ওখানেই। সরকার ভোটযুদ্ধে বিচার বিভাগকে যত বেশি সহায়ক শক্তি হিসেবে মনে করবে, তত বেশি ভোট কমবে। একইভাবে বিচার বিভাগও যদি মনে করেন যে তাঁরা সরকারকে সাহায্য করছেন বা করতে পারবেন, তাহলে তাঁরাও ভুল করবেন।শেষে এসে লম্বা কথায় যাব না। প্রধান বিচারপতি সায়েম ফজলে মুনীম, জে আর মোদাচ্ছিরের সরকার-সহায়ক কর্মকাণ্ডের ফলে সরকার বা বিচার বিভাগ উভয়েরই ক্ষতি হয়েছে। প্রধান বিচারপতি কে এম হাসানকে সরকার-সহায়ক ভূমিকায় অবতীর্ণ করার ফল এখনো প্রায় সবারই স্পষ্ট মনে আছে।আমরা মনে রাখি। কিন্তু যাঁরা সরকার ও বিচার বিভাগে আছেন, তাঁদেরও মনে রাখতে হবে।অন্যথায় নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান বেশি দূরের দেশ নয়। ড. শাহ্দীন মালিক: আইনজীবী, পরিচালক ও অধ্যাপক, স্কুল অব ল, ব্র্যাক ইউনিভার্সিটি