দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে হাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী। পার্থ মজুমদারের সুর ও সংগীতে ‘এমন জীবন দিলা বিধি, জন্মের হাজতবাস’ শিরোনামের এই গানটি বিপ্লব হায়দার পরিচালিত ‘জ্যোত্স্না রাতের গল্প’ চলচ্চিত্রের। এই গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে অনেক দিন পর চলচ্চিত্রের প্লেব্যাকে ফিরলেন এই গুণী শিল্পী। এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বাণিজ্যিক চলচ্চিত্রে এখন যে ধরনের গান হচ্ছে, এখানে আসলে আমার প্রয়োজন নেই। এখনকার চলচ্চিত্রের গানের কথাগুলোও আমার খুব একটা পছন্দ নয়। তাই এ ধরনের চলচ্চিত্রের গানে কাজও করতে চাই না। পার্থ এই ছবির গানগুলো ভালোভাবে করার চেষ্টা করেছে। তাই কাজটি করেছি। এটি তাঁর সঙ্গে আমার প্রথম কাজ।’সৈয়দ আবদুল হাদী এখন বাংলাভিশনের জন্য একটি গানের অনুষ্ঠান উপস্থাপনার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘গানে গানে দেশে দেশে’ শিরোনামের এই অনুষ্ঠানটিতে মূলধারার কালজয়ী গানের পাশাপাশি বিদেশি ভাষারও কালজয়ী গান পরিবেশিত হয়ে থাকে। গানের অনুষ্ঠানের ব্যস্ততার কারণে নিজের অ্যালবামের দিকে সেভাবে মনোযোগ দিতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।সৈয়দ আবদুল হাদী সর্বশেষ বছর দেড়েক আগে স্বপন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘লাল টিপ’-এর গানে কণ্ঠ দিয়েছিলেন।