দীর্ঘমেয়াদি গেরিলা যুদ্ধের হুমকি গাদ্দাফির
লিবিয়ার পলাতক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি দীর্ঘমেয়াদি গেরিলা যুদ্ধের হুমকি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সিরিয়া-ভিত্তিক আল রাই টিভিতে প্রচারিত এক অডিও বার্তায় তিনি এ হুমকি দেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে।কর্নেল গাদ্দাফি বলেন, শত্রুদের পরাজিত করতে প্রত্যেক শহরে যুদ্ধ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। ত্রিপোলির প্রত্যেক ইঞ্চি শত্রু মুক্ত করা হবে। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদি ও জোটবদ্ধ হয়ে গেরিলা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করুন।’কর্নেল গাদ্দাফি বিদ্রোহীদের দোসর ও সাম্রাজ্যবাদীদের লোক বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘লিবিয়ার মানুষ সাম্রাজ্যবাদ ঘৃণা করে। তারা এর বিরুদ্ধে যুদ্ধ করবে।’ তিনি ন্যাটো ও জাতিসংঘকে লিবিয়ায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় লিবিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।এর আগে একই দিন সকালে এক বার্তায় গাদ্দাফি তাঁর সমর্থকদের উদ্দেশে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। জনগণের উদ্দেশে গাদ্দাফি বলেন, ‘আপনারা যদি আমার কণ্ঠ না-ও শুনতে পান, প্রতিরোধ চালিয়ে যান।’এদিকে পশ্চিমা নেতারা দেশটির অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে সংস্কারকাজ শুরু করার আহ্বান জানিয়েছে।