দীর্ঘশ্বাসে, বিরহ বাতাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত যেন বসন্তের সৎ ভাই। একে অন্যের ঠিক উল্টো ছবি। শীত যেন কদিনের দাড়ি না কামানো রুখু রুখু চেহারার দেবদাস। আর বসন্ত যেন শেষের কবিতার পরিপাটি অমিত রায়। দেখেছেন, শীতের কী কাণ্ড, খেলার পাতায়ও তুলনামূলক সাহিত্যের আলোচনা!আসলে তা নয়। রোজ রোজ পত্রিকার পাতায় একের পর এক ক্রীড়া তারকার সম্পর্কের টানাপোড়েনের খবর পড়ার পর মনে হলো, শীতকালটা প্রেমের পক্ষে বড়ই প্রতিকূল। সময়টা যে পাতাঝরার কাল। ঝরে পড়ছে অনেকের হূদয়ের পত্রপল্লবও। বসন্ত যদি প্রেমের অবগাহনের সময় হয়, শীত তবে বিরহের অতলান্তে ডুবে যাওয়া কালো সময়। টাইগার উডসকে দিয়ে যার শুরু; মাঝখানে ক্রিস এভার্টের সঙ্গে গ্রেগ নরম্যানের ছাড়াছাড়ি, সানিয়া মির্জার বাগদান শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত না গড়ানো...মাঝসাগরের ঝড়ে পড়া টলায়মান ডিঙি নৌকার মতো এখন দুলছে জন টেরির বিয়েটার ভবিষ্যৎও!ক্রীড়া বিশ্বে অবশ্য সম্পর্কের ইতি টেনে দেওয়া নতুন কিছু নয়। পশ্চিমা দুনিয়ায় বিয়ে নামের প্রতিষ্ঠানটার ভিত নড়ে যাওয়ার ভীতিকর খবর তো আমরা হররোজই পাই। হলিউডে নাকি সঙ্গী বদল হয় মোবাইল কিংবা গাড়ির মডেল পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে। কিন্তু ক্রীড়াঙ্গনের কথা আলাদা। এখানকার তারকারা সত্যিকারের ‘হিরো’ বিশ্বের সব কিশোর-তরুণের কাছে। ক্রীড়া তারকাদের তাই জীবননদীতে সাঁতরাতে হয় সন্তর্পণে। আকছার হয়তো ঘটে না, কিন্তু ক্রীড়া বিশ্বেও তারকাদের সম্পর্কের সেতু ভেঙে পড়ার নজির বিরল নয়।আন্দ্রে আগাসির সঙ্গে অভিনেত্রী ব্রুক শিল্ডের সম্পর্কটা যেমন। শিল্ড তখন হলিউডের জনপ্রিয়তম অভিনেত্রীদের একজন। পাণিপ্রার্থীদের সংখ্যাও কম নয়। আগাসির সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছিল না। দুই বছর ধরে কোনো গ্র্যান্ড স্লাম শিরোপার দেখা নেই। এমনই সময় ১৯৯৭ সালে ১৯ এপ্রিল সাড়ম্বরে ‘ইয়েস আই ডু’ নামের একটা ছোট বাক্যে দীর্ঘ এক সম্পর্কে বাঁধা পড়েন। কিন্তু দ্বিতীয় বিয়ে বার্ষিকীর ঠিক ১০ দিন আগে আনুষ্ঠানিক বিচ্ছেদ। অথচ এঁদের সম্পর্কটা টিকছে না বলে খবর ছাপানোয় কদিন আগে এক পত্রিকাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে এসেছিলেন আগাসি। আর এখন তো তাঁর আত্মজীবনীতে জানাই গেল, শিল্ডের সঙ্গে সম্পর্কটা নিয়ে চলা দোদুল্যমানতা তাঁর ক্রিস্টাল মেথ নামের ভয়ংকর ড্রাগটা নেওয়ার অন্যতম কারণও ছিল!সম্পর্কের শেষটা অবশ্য খুবই ‘ইতিবাচক’ভাবেই হয়। দুজনে ‘চিরকাল একে অন্যের বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতিও দেন। বাক্যটা মনে রাখুন, কারণ পরে আরও অনেক তারকার মুখেই শুনবেন সেই একই কথা!বক্সার মাইক টাইসনের সঙ্গে রবিন গিভেন্সের ছাড়াছাড়িটা অবশ্য এতটা সুখকর অভিজ্ঞতা হয়নি। শেষ দিকে নিজের বউয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পর্যন্ত এনেছিলেন। আর গিভেন্স তাঁর স্বামীর বিরুদ্ধে এনেছিলেন শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ। অভিনেত্রী গিভেন্স তাঁর এই সম্পর্কটাকে ‘নরকবাস’ বলেও মন্তব্য করেছিলেন। কাদা ছোড়াছুড়ি। মামলা-মোকদ্দমা। ১২৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলাও করেছিলেন টাইসন। শেষ পর্যন্ত অবশ্য মামলা তুলে নেন তিনি। আপসের মাধ্যমেই বিয়ের এক বছর পূর্তির ঠিক সাত দিন আগে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি ছাড়াছাড়ি হয়ে যায় এঁদের। ১৪ ফেব্রুয়ারি! এ যে ভালোবাসা দিবস!কারস্টেন রিচার্ডের সঙ্গে সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের সংসারটা অবশ্য সুখেরই ছিল। ১৯৯৭ সালে রিচার্ডসের সঙ্গে তাঁর পরিচয়। আর্মস্ট্রং তখনো একটিও ট্যুর ডি ফ্রান্সের শিরোপা জেতেননি। অবশ্য ১৯৯৩ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে জানিয়ে দিয়েছিলেন তাঁর আগমনধ্বনি। এক বছর প্রণয়। ১৯৯৮ সালে পরিণয়। কিন্তু ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল!’ ল্যুক, ইসাবেলে আর গ্রেস—তিন সন্তানের সঙ্গে সঙ্গে ভাগাভাগি হয়ে গেল ফ্রেঞ্চ রিভিয়েরার বিশাল বাড়ি, আসবাবপত্র, গাড়ি। ২০০৩ সালের সেপ্টেম্বরে, পঞ্চম ট্যুর ডি ফ্রান্সের শিরোপা জেতার মাত্র দুই মাস পরেই রিচার্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল আর্মস্ট্রংয়ের। এর পর গায়িকা শেরিল ক্রো, ফ্যাশন ডিজাইনার টরি বার্চ, অভিনেত্রী কেট হাডসন, অখ্যাত তরুণী আনা হ্যানসেন—অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু বিয়ের পথে আর পা মাড়াননি এই সাইক্লিস্ট।প্রথম কয়েকটি গল্প শোনার পর আর্মস্ট্রংয়ের চার বছরের দাম্পত্য জীবনটাকে অনেক দীর্ঘই মনে হচ্ছে। বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের সঙ্গে জুয়ানিটা ভ্যানয়ের বিয়ের সম্পর্কটা কিন্তু স্থায়ী হয়েছিল ১৭ বছর। ২০০২ সালে এঁরা আলাদা হয়ে যান। সমঝোতা অনুযায়ী ১৬৮ মিলিয়ন ডলার আর শিকাগোর সাত একরের বাড়িটা পান জুয়ানিটা।তবে কি ঘর-সংসারের ছকে বাঁধা জীবন একসময় শুকিয়ে ফেলে ভালোবাসার নদী! সময়ের, ক্লান্তির, অবসাদের পলি জমে তাতে? না হলে শুধু ভালোবাসার টানে কেন জীবনের মাঝ বয়েস পেরিয়ে এসেও ক্রিস এভার্ট ইতি টেনে দেবেন স্কিয়ার অ্যান্ডি মিলের সঙ্গে তাঁর ১৮ বছরের দাম্পত্য জীবনের। গ্রেগ নরম্যানই বা কিসের অমোঘ টানে লরা অ্যান্ড্রেসির সঙ্গে সিকি শতাব্দীর সম্পর্কটাকেও অনায়াসে করবেন অবজ্ঞা!টেনিস তাঁকে যেমন দুই হাত ভরে দিয়েছে, ভালোবাসার ব্যাপারে ততটাই রিক্ত-শূন্য হাতে ফিরিয়েছেন প্রেমদেবী। এভার্টের তো আসলে সংসার পাতার কথা ছিল জিমি কনোর্সের সঙ্গে। কী দারুণ এক জুটিই না হতো! দুজনে আংটি বদলও করেছিলেন। বিয়ের দিনক্ষণও ঠিক। ১৯৭৪ সালের ৮ নভেম্বর। কিন্তু তার আগেই ভেঙে যায় সম্পর্কের সেতু।সেই দুঃখ ভুলে এভার্ট ঘর পেতেছিলেন ব্রিটিশ টেনিস খেলোয়াড় জন লয়েডের সঙ্গে। আট বছর পর আবারও নিঃসঙ্গতার গুমোট বাতাস। এবার টেনিসের এই সত্যিকারের রূপ-নন্দিনীর পাশে এসে দাঁড়ান অ্যান্ডি মিলকে। কিন্তু আবারও সব এলোমেলো হয়ে গেল। এভার্টের জীবনে এলেন নরম্যান।এভার্টকে বিয়ে করবেন বলে ডিভোর্সের কুৎসিত এক আইনি লড়াইয়ে জড়িয়ে পড়লেন। দুই বছর ধরে চলা সেই আইনি ঝামেলা শেষে রফা হলো, অ্যান্ড্রেসিকে ১০৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে! তা-ই সই। কিন্তু নরম্যানের সঙ্গেও তাঁর সংসার তো স্রেফ তাসের ঘরই হয়ে রইল। গত ডিসেম্বরে আলাদা হয়ে গেলেন।বিচ্ছেদের জন্য ডিসেম্বরকে কেন বেছে নিয়েছিলেন জানেন? তখন পুরো সংবাদমাধ্যম বুঁদ হয়ে আছে উডস-কেলেঙ্কারিতে। যেন ফোকাসটা না পড়ে তাঁদের ওপর। কী আশ্চর্য দেখুন, সেই উডস কিন্তু এ যাত্রা হয়তো বাঁচিয়ে ফেলবেন তাঁর ঘর!