দু-এক দিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে
যানজটসহ বিভিন্ন কারণে আগামী সপ্তাহে রাজধানীসহ সারা দেশের স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। সূত্র জানায়, ওই বৈঠকে আগামী শনিবার থেকেই স্কুল-কলেজ বন্ধ করার ঘোষণা আসতে পারে।গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ রমজান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছে। এর আগে যানজট নিরসনে ব্যবসায়ী ও ঢাকা মহানগর পুলিশ রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়েছিল।জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে ১০ রমজানের পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, বার্ষিক শিক্ষাপঞ্জিতে ১২ রমজান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু যানজট, শিক্ষক-শিক্ষার্থীর দুর্ভোগসহ বিভিন্ন বিষয় চিন্তা করে আরও আগে, এমনকি আগামী সপ্তাহের শুরুতে এই ছুটি দেওয়া হতে পারে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রথম আলোকে বলেন, পবিত্র রমজান মাসে যাতে মানুষের দুর্ভোগ কম হয়, সে চিন্তা করেই শিক্ষা মন্ত্রণালয়কে ছুটি ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে যানজট অনেকটা কমে আসবে বলে তিনি জানান।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। এর ফলে পরীক্ষার্থী বা অন্যদের লেখাপড়ার সমস্যা হবে না বলে জানান তিনি।এদিকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা বলেন, তাঁরা প্রথম রোজা থেকে ১০ রোজা পর্যন্ত আটটা, ১১ থেকে ২০ রোজা পর্যন্ত রাত ১০টা এবং ২১ থেকে ২৭ রোজা পর্যন্ত রাত ১২টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখতে চান। ব্যবসায়ীরা আরও বলেন, রমজান মাসের শেষ তিন দিন সারা রাত দোকান খোলা রাখা ব্যবসায়ের স্বার্থে খুবই প্রয়োজন। তাঁরা ঈদের ছুটি পাঁচ দিন করারও প্রস্তাব দেন।বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোকান খোলা রাখার বিষয়ে ব্যবসায়ীদের প্রস্তাব যৌক্তিক। তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন। মন্ত্রী জানান, এ বছর ঈদের সম্ভাব্য ছুটির আগে শুক্র ও শনিবার আছে। সাপ্তাহিক এই ছুটিতে সবাই একসঙ্গে ঢাকা ছাড়তে গিয়ে দুর্ভোগে পড়বে। গত ঈদেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়েছে। এ পরিস্থিতিতে ঈদের ছুটি পাঁচ দিন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তাব করেছে।গতকালের বৈঠকে পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঢাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও যানজট নিরসনের বিষয়ে আলোচনা হয়।সাহারা খাতুন জানান, রমজান মাসে সেহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ-সংকটের কারণে কেউ যদি বিক্ষোভ ও ভাঙচুর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাহলে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ-সংকট নিয়ে কেউ যেন পরিস্থিতি ঘোলা করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’