দু-এক দিনের মধ্যে সংসদে যোগ দিতে পারে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চলতি সপ্তাহেই সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে। দলীয় সূত্রগুলো বলছে, আগামী দু-এক দিনের মধ্যেই দলটি অধিবেশনে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে আজ-কালের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।সূত্র জানায়, কাল-পরশুর মধ্যে সংসদ ভবনে দলটির সংসদীয় কমিটির সভা করার পরিকল্পনা রয়েছে। সংসদীয় কমিটির বৈঠক শেষে বিএনপির সাংসদেরা একযোগে অধিবেশনে যাবেন।বিএনপির নেতারা জানান, মূলত জাতীয় সংসদের সদস্যপদ রক্ষা করতে বাধ্য হয়েই দলটি অধিবেশনে যোগ দিচ্ছে। চলতি অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে প্রথম থেকেই দলীয় সাংসদদের প্রস্তুত থাকতে বলা হয়েছিল। কিন্তু অধিবেশন শুরুর পর হরতালসহ আরও কিছু কর্মসূচি থাকায় দলীয় চেয়ারপারসন সময় নির্ধারণ করেননি। বিএনপির একাধিক সাংসদ প্রথম আলোকে বলেন, কাল রোববার বা পরদিন সংসদে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, তাঁদের ঢাকায় থাকতে বলা হয়েছে।বিএনপি ঠিক কোন দিন সংসদে যোগ দেবে—এ ব্যাপারে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ মওদুদ আহমদ নির্দিষ্ট করে দিন-তারিখ বলেননি। তিনি গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, শিগগিরই তাঁরা সংসদে যাচ্ছেন। গতকাল শুক্রবার রাজধানীতে একটি আলোচনা সভায়ও একই কথা বলেছেন তিনি।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক গত বুধবার রাতে খালেদা জিয়ার কাছে বিরোধীদলীয় সাংসদদের জাতীয় সংসদে অনুপস্থিতির পরিসংখ্যান তুলে ধরেন। অধিবেশনে যোগ না দিলে এ মাসের তৃতীয় সপ্তাহে দলীয় সাংসদ বরকতউল্লা বুলুর সদস্যপদ সবার আগে খারিজ হয়ে যাবে বলে চেয়ারপারসনকে অবহিত করেন তিনি।জানতে চাইলে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে এখনই কিছু বলতে চাই না। তবে বিএনপি শিগগিরই সংসদে যাবে। তার আগে সংসদীয় দলে সভা হবে।’বিএনপির জ্যেষ্ঠ এক সাংসদ জানান, বিশ্বকাপ ক্রিকেট থাকায় বিএনপির তেমন কোনো কর্মসূচি নেই। সদস্যপদ রক্ষার জন্য এই অধিবেশনে যেহেতু যেতেই হচ্ছে, তাই সেখানে সরকারের ব্যর্থতার বিষয়ে তুলে ধরে বক্তব্য দেবেন দলীয় সাংসদেরা। করণীয় নির্ধারণ করতে পারেনি দলটি: কেবল সদস্যপদ রক্ষার জন্য অধিবেশনে যোগ দেবে, নাকি সরকারের বিভিন্ন পদক্ষেপ বা ব্যর্থতা নিয়ে বক্তব্য উপস্থাপন করা হবে, তা এখন ঠিক করতে পারেনি দলটি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বিএনপি সংসদের চলতি অধিবেশনে যাবে। সংসদের ভেতরে দলটির ভূমিকা কী হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। সংসদীয় দলের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।দলীয় সূত্র জানায়, বিএনপির সংসদীয় দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা মনে করেন, সদস্যপদ রক্ষার জন্য সংসদে যোগ দেওয়া উচিত। আপাতত এর বেশি কিছু করতে গেলে দলটি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আবার কিছু সাংসদের মত হচ্ছে, কেবল সদস্যপদ রক্ষার জন্য সংসদে গেলে বিএনপি নানা প্রশ্নের সম্মুখীন হবে। তাই সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে বক্তব্য দিলে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হবে। তাই চলতি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার পুরো সুযোগটা কাজে লাগানো উচিত।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, সংসদে গিয়ে কোনো লাভ নেই। ওখানে জনস্বার্থে কোনো আলোচনা হয় না। তাই অধিবেশনে গিয়ে ভূমিকা রাখার যৌক্তিক কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খালেদা: সূত্র জানায়, এপ্রিল অথবা মে মাসে খালেদা জিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে। চিকিৎসার জন্য তিনি সেখানে যাবেন বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সফরকালে চেয়ারপারসন বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন বলে দলীয় সূত্রগুলো নিশ্চিত করছে।