সংসদে প্রধানমন্ত্রী
দু-একটি ব্যর্থতার জন্য শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়ার অর্থ হয় না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারের দু-একটি ব্যর্থতার জন্য শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়ার অর্থ হয় না। মন্ত্রণালয়গুলোর দু-একটি ব্যর্থতার পাশাপাশি সফলতাও কম নয়। কিন্তু কয়েক দিন ধরেই সংসদে শুধু ব্যর্থতার কথা শুনছি। শুধু ব্যর্থ ব্যর্থ বললে যেটুকু অর্জন আছে, তা-ও থাকবে না।’শেখ হাসিনা বলেন, বাঙালির ধৈর্যের অনেক অভাব। বঙ্গবন্ধু এসেই যুদ্ধবিধ্বস্ত দেশের শাসনভার হাতে নিলেন। তিনি তিন বছরও সময় পেলেন না। নানা ধরনের ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যার একটি ক্ষেত্র তৈরি করা হলো। মানুষকে বিষিয়ে তোলার চেষ্টা হলো। তিন বছর যেতে পারল না, পাটের গুদামে আগুন দেওয়া হলো। থানায় আগুন দেওয়া হলো। আওয়ামী লীগের সাতজন সাংসদকে হত্যা করা হলো।প্রধানমন্ত্রী বলেন, তার পরও যখন বঙ্গবন্ধুর জনপ্রিয়তায় ধস নামাতে পারল না, তখন তাঁকে হত্যা করল। বঙ্গবন্ধুকে হত্যা করল স্বাধীনতাবিরোধী শক্তি। কিন্তু তারা ব্যবহার করল কিছু মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সপক্ষের শক্তিকে।গতকাল বুধবার সংসদে জাসদের সাংসদ হাসানুল হক ইনুর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইনু তাঁর প্রশ্নে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফোর্সের সঠিক তালিকা প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।গতকাল বুধবার বেলা দুইটায় সংসদের অধিবেশন শুরু হয়। স্পিকার আবদুল হামিদ সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আধা ঘণ্টার হলেও প্রায় এক ঘণ্টা চলে।প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ৩৫ বছরে পানি অনেক দূর গড়িয়েছে। ৩৫ বছর আগে বুড়িগঙ্গার পানি স্বচ্ছ ছিল, মাছ পাওয়া যেত। পান করা যেত। এখন বুড়িগঙ্গার পানি সম্পূর্ণ দূষিত। সেখানে মাছ নেই।এর আগে জাতীয় পার্টির মজিবুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি অসুস্থ ছিলাম বলে কয়েক দিন আসতে পারিনি। আমি বাসায় বসেই সংসদের কার্যক্রম শুনলাম। এত ব্যর্থতার কথা শুনলাম। ১০টা ভালো কাজ করলেও একটা কাজে ব্যর্থ হলে সেটাই বলা হয়। এই মানসিক দৈন্য যে কেন, তা বলতে পারব না।’আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা শিক্ষক, অভিভাবক ও ছাত্রদের অটিস্টিক শিশুদের অবহেলা না করার আহ্বান জানান। তিনি বলেন, মনে রাখতে হবে, অটিস্টিক শিশুরা সমাজ ও পরিবারের অংশ।প্রধানমন্ত্রী বলেন, অটিস্টিক শিশুদের যতই সাধারণ স্কুলে রাখা যাবে, ততই তারা সাধারণ মানুষের সঙ্গে মিশবে। এই শিশুরা একেকটি বিষয়ে মেধাবী হয়। তাদের মেধা কীভাবে কাজে লাগানো যায়, সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে।এ কাজে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেনের জন্য বিশেষ পৃষ্ঠপোষকতা দেওয়া যায় কি না, জানতে চান আওয়ামী লীগের সাংসদ মেহের আফরোজ চুমকি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের ছেলে-মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছি। তাদের স্বাধীনভাবে কাজ করাই ভালো।’আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অটিজম সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০০৯-১০ অর্থবছরে ছয় কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে সাত হাজার বর্গফুট স্থান সংকুলানের ব্যবস্থা করেছে।অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকার এ বছরের মধ্যে সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে নিট ভর্তির হার প্রায় শতভাগ।প্রধানমন্ত্রী বলেন, দেশের ৭৮ লাখ ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেওয়া হচ্ছে। দারিদ্র্যের হার অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের এসব শিক্ষার্থী ১০০ থেকে ১২৫ টাকা হারে বৃত্তি পাবে।