দু-একদিনের মধ্যে বিএনপিকে লিখিত প্রস্তাব: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলের নেতা ইতিবাচক সাড়া দিলে সংলাপের বসতে দু-একদিনের মধ্যেই তাঁদের লিখিত প্রস্তাব দেওয়া হবে।লিখিত প্রস্তাব দিলে সংলাপে যোগ দেব—বিএনপির এমন দাবির প্রসঙ্গে মতামত জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে গেস্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সৈয়দ আশরাফ। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করেন সৈয়দ আশরাফ।সৈয়দ আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। আমরা বিরোধীদলীয় নেত্রীর ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছি। তিনি যদি সুষ্ঠু উত্তর ও ইতিবাচক সাড়া দেন, তাহলে আমরা বিরোধী দলকে সংলাপে বসতে লিখিত প্রস্তাব দেব।’ এই আলোচনার মাধ্যমে নির্বাচনের সব বিষয় নিয়ে ঐকমত্য হবে বলেও আশা করেন তিনি।‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কি ফিরে আসবে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়েছে। এ ব্যবস্থা আর ফিরে আসবে না। তবে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সংলাপে বসলে এ সমস্যা সমাধান করা খুব বেশি জটিল নয়। আলোচনার মাধ্যমেই একটি অবস্থানে পৌঁছানো যাবে।’ ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের সৈয়দ আশরাফ বলেন, ‘মৌলবাদীদের হাতে কখনোই রাজনীতি ছেড়ে দেওয়া হবে না। হেফাজতের অবরোধ কর্মসূচি নিয়ে সরকারও শঙ্কিত নয়।’ এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবনে এক অনুষ্ঠানে বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে হরতাল-নৈরাজ্য পরিহার করে চলমান সংকট নিরসনের জন্য সংলাপে বসতে আহ্বান জানান।