নারায়ণগঞ্জে চুরি, ডাকাতি, খুন ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ-মূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। শহরের খানপুর এলাকার ব্যবসায়ী আশিককে নৃশংসভাবে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কয়েকজন বক্তা এসব কথা বলেন। তবে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ নাসিম ওসমান সবার সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। দু-চারটি খুনের ঘটনা ঘটতেই পারে।জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরী, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী, পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সিভিল সার্জন শেখ শাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বাদল প্রমুখ। সারাহ্ বেগম কবরী বলেন, জেলার মানুষ এখন সন্ত্রাসীদের হাতে জিম্মি। আশিক হত্যাকাণ্ড নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এতে মনে হচ্ছে প্রশাসন বিশেষ কারও পক্ষের হয়ে কাজ করছে। সেলিনা হায়াত আইভী বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে যারা নারায়ণগঞ্জে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে সরকার ও দলের ভার্বমূতি নষ্ট করেছিল, তারা এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তরুণ ব্যবসায়ী আশিককে হত্যার পর তাঁর মুখমণ্ডল এসিড দিয়ে পুড়িয়ে বিকৃত করা হয়েছে, যাতে স্বজনেরা লাশ শনাক্ত করতে না পারে। হত্যাকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি আরও বলেন, গভীর রাতে নারায়ণগঞ্জ হাসপাতালে কারা অস্ত্র নিয়ে ঢোকে? শহরের খানপুর বরফকল এলাকায় কারা শীতলক্ষ্যা নদীর বিশাল এলাকা অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা করছে? জেলা পুলিশ সুপারের বাসভবনের খুব কাছেই নিতাইগঞ্জে রাস্তা দখল করে ট্রাকস্ট্যান্ড গড়ে তুলে কারা চাঁদাবাজি করছে? আশিককে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া চিহ্নিত সন্ত্রাসী সিজার কার লোক? তা শহরবাসী জানে। কিন্তু মুখ খুলতে সাহস পায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে এসপি শেখ নাজমুল আলম বলেন, আশিক হত্যাকাণ্ড নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।জেলা প্রশাসক মো. শামছুর রহমান বলেন, জেলায় খুন, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।