দুঃখ প্রকাশ
এবার বিশ্বকাপের সৌজন্যে বাংলাদেশের সমর্থকদের অন্য রকম ভাবমূর্তি গড়ে উঠেছিল বহির্বিশ্বে। মাইক আথারটনের মতো এখনকার ক্রিকেট লেখিয়েরা ভূয়সী প্রশংসা করেছেন। সমর্থনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন—এমন মন্তব্যও করা হয়েছিল। শুক্রবারের এক বিচ্ছিন্ন ঘটনায় সব ধুলোয় মিশে যাওয়ার দশা।আশার কথা, ক্ষুদ্র ওই সমর্থকদের হঠকারী কাণ্ডের জন্য কাল টিম হোটেলে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন জনা পঞ্চাশেক বাংলাদেশি সমর্থক। ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য ফুলের তোড়াও নিয়ে গিয়েছিলেন তাঁরা। ড্যারেন স্যামির কাছে বার্তা পৌঁছে দিয়েছেন, যে দু-চারজন ঢিল ছুড়েছে, তারা বাংলাদেশের সমর্থকদের প্রতিনিধিত্ব করে না।পরশু এমন ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ‘লেটস সে সরি টু আওয়ার গেস্ট’ নামের একটি গ্রুপ খোলা হয়। এর মাধ্যমে সংগঠিত হয়ে কাল সকালে শেরাটন হোটেলে গিয়েছিলেন ওই সমর্থকেরা। অনেকের হাতে ছিল ফুল, কারও হাতে প্ল্যাকার্ড। নিরাপত্তাজনিত কারণে এই দলের সদস্যরা সরাসরি ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে ফুল তুলে দিতে পারেননি।কিন্তু আইসিসির কর্মকর্তাদের মাধ্যমে সেই ফুল পৌঁছে দেওয়া হয়েছে। স্যামি দূর থেকে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেছেন। নিজস্ব মুঠোফোন পাঠিয়ে ছবি তুলে নিয়ে গেছেন, হয়তো গেইলদের দেখাবেন বলে।‘বাংলাক্রিকেট.কম’ নামের সমর্থকদের আরেকটি জনপ্রিয় ওয়েবসাইটও জনমত গড়ে তুলছে। ফেসবুক ব্যবহারকারী বাংলাদেশিদের প্রায় সবাই নিজস্ব স্ট্যাটাসে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে। বাংলাদেশি ব্লগগুলোর ভাষ্যও একই রকম। ক্রিস গেইল এর পর তাঁর টুইটার বার্তায় কী লেখেন, সেটাই এখন দেখার!