দুঃখের বিলে সুখের বাতাস
যশোরের অভয়নগর উপজেলার জলাবদ্ধ চাতরার বিলে পরিকল্পিতভাবে ধান ও মাছের চাষ বদলে দিয়েছে এলাকার পাঁচ শতাধিক কৃষকের দিন। চাতরার বিল মৎস্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকেরা দীর্ঘ ২৫ বছরের জলাবদ্ধতার অবসান ঘটিয়ে বিলটি ভরে তুলেছেন ধান আর মাছে। কৃষক সূত্রে জানা যায়, সবুজ বিপ্লবের নামে গত শতাব্দীর ষাটের দশকে যশোর ও খুলনা জেলার পাঁচটি উপজেলার সংযোগস্থল অভয়নগর উপজেলার ভবদহে শ্রী নদীর ওপর নির্মিত হয় স্লুইস গেট। কিন্তু আশির দশকের মাঝামাঝি সময়ে পলি জমে বিল থেকে নদীর বুক উঁচু হয়ে ওঠে। ফলে স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশিত হতে না পারায় এলাকার বিলগুলো জলাবদ্ধ হয়ে পড়ে। চাতরার বিলও এরই শিকার। সেই থেকে বিলে কোনো ফসল হয় না। ২০০৭ সালের নভেম্বরে এলাকার আবদুল লতিফ, মিরন তরফদার, আক্তারুজ্জামান, শাহাজান আলী, বাহারুল তরফদার, শামসুর রহমান, সুভাষ রায় প্রমুখ কৃষকের নেতৃত্বে গঠন করা হয় সমবায়ী সংগঠন ‘চাতরার বিল মৎস্য উন্নয়ন প্রকল্প।’ এ প্রকল্পের সদস্য কৃষকের সংখ্যা ৫০০। বিলে জমি আছে এমন কৃষকের কাছে এক হাজার শেয়ার বিক্রি করা হয়। প্রতিটি শেয়ারের দাম এক হাজার টাকা। শেয়ার বিক্রি করে ১০ লাখ টাকার মূলধন গড়ে তোলা হয়। ওই টাকা দিয়ে ২০০৮ সালে ২৬০ একর আয়তনের চাতরার বিলের চারদিকে দেওয়া হয় বাঁধ। কেনা হয় সেচযন্ত্র, জাল ও নৌকা। ছাড়া হয় মাছের পোনা। বাঁধে লাগানো হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। ওই বছরের শেষে মাছ বিক্রি করে ভালো লাভ পাওয়া যায়। শেয়ারপ্রতি কৃষককে ৫০০ টাকা করে লভ্যাংশ দেওয়া হয়। অবশিষ্ট টাকা রাখা হয় মাছের পোনা ছাড়া, বিলের পানি নিষ্কাশন ও অন্যান্য খরচ নির্বাহের জন্য। বছরের শেষে মাছ বিক্রির পর সেচযন্ত্র দিয়ে বিল সেচে জমি বোরো আবাদের জন্য প্রস্তুত করে দেওয়া হয়। এরপর তাঁরা নিজ নিজ জমিতে বোরো ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন।গত বছর মাছ বিক্রির টাকা থেকে তাঁরা শেয়ারপ্রতি এক হাজার ২০০ টাকা করে লভ্যাংশ পেয়েছেন। প্রকল্পের টাকায় পানি সেচ দেওয়ার পর জমিতে তাঁরা বোরো ধান চাষ করেছেন। সেই ধান এখন পেকেছে। এবারও ভালো ফলন পাবেন বলে তাঁরা আশাবাদী। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিলে শুধু ধান আর ধান। কোটা গ্রামের কৃষক মিরন তরফদার (৫০) বলেন, ‘বিলে ৭ বিঘা জমি আছে। আমি ১৮টি শেয়ার কিনেছি। শেয়ার বাবদ এবার ২১ হাজার ৬০০ টাকা পাইছি। ধানের অবস্থা ভালো। আশা করছি ২০০ মণেরও বেশি ধান পাব।’ বলারাবাদ গ্রামের কৃষক গণেশ রায় (৬০) বলেন, ‘এতদিন জমি থেকেও ছিল না। এখন ওই জমিতে মাছও হচ্ছে আবার ধানও হচ্ছে। এখন আর দুঃখ নেই।’ সমবায়ী মৎস্য প্রকল্পের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বলেন, ‘ছোটবেলা থেকে দেখে আসছি চাতরার বিলে শুধু পানি আর পানি। কোনো ফসল হয় না। আমরা সবাই মিলে সমবায় ভিত্তিতে কাজ শুরু করলাম। এখন বিলে মাছ ও ধান দুটোই হচ্ছে।’সমবায় প্রকল্পের সভাপতি আবদুল লতিফ বলেন, প্রথম বছর কৃষকদের পাঁচ লাখ টাকা লভ্যাংশ দেওয়া হয়। এ বছর ১০ লাখ টাকা লভ্যাংশ বণ্টন্র হয়েছে। বর্তমানে প্রকল্পের মূলধন দাঁড়িয়েছে ১২ লাখ ৪২ হাজার টাকা।্র্র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আকতার উদ্দিন প্রথম আলোকে বলেন, জলাবদ্ধ বিলে পরিকল্পিতভাবে সমবায় ভিত্তিতে মাছ চাষ করে ওই এলাকার মানুষ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রকল্পটি অত্যন্ত লাভজনক। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘এখন বিলে বোরো ধানের বাম্পার ফলন হচ্ছে। সমবায়ভিত্তিক সংগঠনটি মাছ বিক্রির পর পানি সেচের ব্যবস্থা করায় বোরো ধান চাষ করে এলাকার কৃষক অত্যন্ত লাভবান হচ্ছেন। এটা খুবই ভালো উদ্যোগ।