দুঃখের মধ্যেও মানবতার অনন্য দৃষ্টান্ত: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সাভারে রানা প্লাজা ধসের ঘটনার পেছনে কাজ করেছে মানুষের অতিলোভ, লালসা ও দুর্নীতি। ভবনধসের পর উদ্ধার তত্পরতায় অংশ নিয়ে সাধারণ মানুষ মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ‘মানবতার জয়’ যে অনিবার্য, তা প্রমাণিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মিলনায়তনে আয়োজিত রানা প্লাজা ভবনধসে উদ্ধারকর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেনন এসব কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈশিষ্ট্য হলো মানুষের পাশে দাঁড়ানো। অতীতেও মানুষ বিভিন্ন জাতীয় দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে এর প্রমাণ দিয়েছে। রানা প্লাজার দুর্ঘটনায় দুঃখের মধ্যেও অনন্য দৃষ্টান্ত ছিল মানবতার জয়। সাধারণ মানুষ যে যেভাবে পেরেছে, সেভাবে উদ্ধারকাজে এগিয়ে গেছে। রানা প্লাজা ভবনধসের ঘটনা মনুষ্যসৃষ্ট দুর্যোগ মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, এই দুর্যোগের অন্যতম কারণ হিসেবে কাজ করেছে অতিলোভ, লালসা ও দুর্নীতি। এর হাত থেকে জাতিকে বাঁচাতে হবে। ধসে যাওয়া রানা প্লাজায় উদ্ধারের মতো জাতিকে দুর্নীতি, লালসা ও লোভমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।সাভারের রানা প্লাজা ভবনধসের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত—এমন মন্তব্য করে সাংবাদিক আবেদ খান বলেন, বিদ্যমান আইন দুর্বল। তাতে কাউকে চরম শাস্তি দেওয়া যাবে না। তাই প্রয়োজনে আইনের সংশোধন করা যেতে পারে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট মহলকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। বিজিএমইএ এর প্রতি আহ্বান জানিয়ে আবেদ খান বলেন, শ্রমিকের মঙ্গলের জন্য তাদের হতে হবে নিবেদিত। রানা প্লাজা ধসের ঘটনায় টাকা ও প্রশাসন বেশি প্রভাবিত করেছে বলেও তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে ২০০ জন উদ্ধারকর্মী ও ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও পদক দেওয়া হয়।