দুঃশাসনের ফলে রাষ্ট্রের তিন বিভাগে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনার দুঃশাসনের ফলেই সংসদ, শাসন ও বিচার বিভাগের মধ্যে আজ মারামারি শুরু হয়েছে। আপনি এমনভাবে দেশ পরিচালনা করছেন, এমনই শাসন দিচ্ছেন, রাষ্ট্রের মূল স্তম্ভগুলোর শৃঙ্খলা নষ্ট হয়ে পড়ছে।’আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির নেতা ইলিয়াস আলীকে জীবিত ফেরত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন এবং জামিনে মুক্তি দেওয়ার পর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান, সাধারণ সম্পাদক শরাফত আলীসহ কেন্দ্রীয় নেতাদের কারা-ফটক থেকে আবার আটকের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ডাকা হয়।মির্জা ফখরুল বর্তমান সরকারের উদ্দেশে বলেন, ‘কৌশল-অপকৌশল, মোবাইল কোর্টের ব্যবহার, র্যাব দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া ইত্যাদির মাধ্যমে যে ভয়ংকর ঘটনার সূত্রপাত আপনারা করেছেন, তা একটি বিপদসংকেত। এটি বুমেরাং হয়ে ফিরে আসবে এবং তখন আপনাদের কিছুই করার থাকবে না।’ তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারছেন না, মানুষের নিরাপত্তা দিতে পারছেন না, উল্টো দুর্নীতির কারণে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে গেছে। আপনাদের দুর্নীতি পাহাড়ের সমান হয়েছে।’নিখোঁজ ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার ব্যাপারে তাঁর মেয়েকে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ইতিহাসে কোনো সরকার নির্যাতন, খুন, গুম দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এ সরকারের সময় শেষ হয়ে এসেছে। জনগণ জেগে উঠেছে। এ জাগরণ আরও বাড়বে। এ সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকতউল্লা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান প্রমুখ।