দুঃসময়ের স্মৃতি থেকে আশ্রয়হীনের পাশে
সাত বছর বয়সে বিয়ে হয়েছিল ফিরোজা খাতুনের। বিয়ের সাত দিনের মাথায় কলেরায় স্বামী মারা যান। মারা যাওয়ার আগে স্বামীর সঙ্গে তাঁর ভালো করে পরিচয় পর্যন্ত হয়নি। ফিরোজার জন্ম হয়েছিল খুবই অবস্থাসম্পন্ন পরিবারে; আবার বিয়েও হয়েছিল ধনাঢ্য এক পরিবারে। কিন্তু কপাল ভেঙে গেল! গ্রামের লোকেরা পরামর্শ দিলেন—এবার একেবারে এতিম-গরিব ধরে বিয়ে দাও। তাহলে হয়তো মেয়ের ঘর টিকতে পারে। তা-ই হলো। দ্বিতীয়বার বিয়ের পর পাঁচ বছর অন্যের বারান্দায় ঘুমাতে হয়েছে তাঁকে। একমুঠো ভাতের জন্য ঝিয়ের কাজ করতে হয়েছে। এখন তাঁর বয়স ৪৫। এখন তাঁর সব হয়েছে। কিন্তু ভুলে যাননি সেই দুঃস্বপ্নের রাতের কথা। কোথাও আশ্রয়হীন বা অসহায় মানুষ দেখলেই তাঁর মন কেঁদে ওঠে। তাদের ভেতর তিনি নিজের অতীত দেখতে পান। তিনি তাদের বাড়িতে তুলে আনেন। যত্ন নেন। এক-দুজন নয়, একসঙ্গে ২০ থেকে ৩০ জন মানুষকেও তিনি বাড়িতে জায়গা দেন। তাদের জন্য বড় অতিথিশালা না থাকলেও ঘুমানোর মতো জায়গা তিনি করেছেন। তৈরি করেছেন বড় বাথরুম। কেউ অসুস্থ হলে তাঁকেই হাসপাতালে দৌড়াতে হয়। সবই করেন হাসিমুখে।ফিরোজা বেগমের বাবার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার খুদি ছয়ঘটি গ্রামে। বাবা মনির মণ্ডলের জায়গা-জমি ছিল অনেক। কিন্তু পরপর চার মেয়ে হওয়ার পর হতাশ হয়ে তিনি তাঁর সিংহভাগ জমি দুস্থ ও গরিব মানুষের নামে লিখে দেন। কিন্তু শেষের দিকে এসে তিনি তিন পুত্রসন্তান লাভ করেন। তখন আর কিছুই করার ছিল না।ফিরোজা বেগমের দ্বিতীয় বিয়ের সময় তাঁর বাবা আর বেঁচে ছিলেন না। গ্রামের মানুষের পরামর্শে পরিবারের লোকেরা একজন এতিম যুবককে খুঁজে বের করলেন। নাম মুনসার প্রামাণিক। তাঁর বাবা-মা কেউ নেই। ঘর-ভিটাও নেই। পার্শ্ববর্তী লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ী গ্রামের সমশের আলীর বাড়িতে খুব কম বেতনে তিনি চাকরি করতেন। আর রাতে তাঁদেরই বারান্দায় ঘুমাতেন।একদিন মুনছার আলীর সঙ্গেই ফিরোজা খাতুনের বিয়ে হয়ে গেল। রাতে নতুন বউয়ের জায়গা হলো সমশের আলীর বাড়ির বারান্দায়। এবার ফিরোজার স্বামী মুনছার আলীর আর রাতে ঘুমানোর জায়গা হয় না। তাঁকে জায়গা দেওয়া হলো আরেক প্রতিবেশীর বারান্দায়। এভাবেই কেটে গেল পাঁচ বছর। ফিরোজা বেগমও স্বামীর গৃহস্থের বাড়িতে কাজ করেন আর রাতে বারান্দায় ঘুমান। মেয়ের এই অবস্থা দেখে মা সালেজান খুব কাঁদতেন। ফিরোজা বেগম বলেন, ‘মা কেঁদে কেঁদে আমার জন্য দোয়া করতেন। আল্লাহ, তুমি আমার মেয়েরে বাড়িঘর দিয়ে দিয়ো।’ আল্লাহ মায়ের কথা শুনেছেন।ফিরোজা বলেন, তাঁর স্বামীর চাকরির মেয়াদ ছিল পাঁচ বছর। মেয়াদ শেষে তাঁর মা তাঁদের নিজ বাড়িতে তুলে নিয়ে আসেন। বাড়িতে জামাইকে দিয়ে কাজ করাতেন। বিনিময়ে বেতন দিতেন। এই বেতনের টাকা জমিয়ে ফিরোজা খাতুন গরু-ছাগল পুষতে শুরু করলেন। শূন্য থেকে শুরু করে এখন ফিরোজা খাতুন আমের বাগান, পুকুর ও দালানবাড়ির মালিক হয়েছেন। নিজের সংসারে সচ্ছলতা এলেও ফিরোজা খাতুন তাঁর দুর্দিনের কথা ভুলে যাননি। কীভাবে অন্যের বাড়িতে কাজ করেছেন! নতুন বউ হয়ে কীভাবে অন্যের বারান্দায় রাত কাটিয়েছেন! এ জন্য কোনো দুঃখী মানুষ দেখলেই ফিরোজা খাতুন ঠিক থাকতে পারেন না। বলেন, ‘ঘরহারা মানুষের কী কষ্ট, আমার চেয়ে বেশি কেউ জানে না।’গত শুক্রবার (৩ জুন) খুদি ছয়ঘটি গ্রামে গিয়ে দেখা যায়, ২০ জন দুস্থ নারীকে নিয়ে তিনি বাড়ির উঠানে বসে গল্প করছেন। গল্পের ছলে নানা করম উপদেশ দিচ্ছেন। সবাই মুগ্ধ হয়ে তাঁর কথা শুনছেন। তাঁদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে। প্রায় এক মাস ধরে তাঁরা ফিরোজার বাড়িতে আছেন। প্রতিবছর ধান কাটার মৌসুমে তাঁরা নিজের গ্রাম ছেড়ে ফিরোজা খাতুনের বাড়ি এসে ওঠেন। সারা মাস এলাকায় ঘুরে মানুষের বাড়ি থেকে ধান আদায় করেন। ফিরোজা খাতুনের বাড়িতে ঢুকতেই ধানের বস্তার এসব স্তূপ দেখা যায়। ফিরোজা সেগুলো যত্ন করে ঢেকে রেখেছেন।উপজেলার আলাইপুর গ্রাম থেকে এসেছেন ছমেনা বেওয়া। তাঁর বয়স প্রায় ৮০ বছর। ছমেনা বলেন, ‘কমপক্ষে ১৫ বছর ধইরি এ বাড়িত আসি। নিজের বাড়ির মুতনই থাকি। গরমের মধ্যে বাইরে থাইকি আসলে ফ্যানের নিচে বইসি গাও জুড়ায়ে লি।’ একই ধরনের কথা বলেন একই গ্রামের টুনু খাতুন (৭০), জামেনা খাতুন (৪০), রিবজান; উপজেলার পানি কামড়া গ্রামের জানেরা খাতুন (৫০) প্রমুখ।শুধু দুস্থ নারীই নন, যেকোনো ধরনের বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়ান ফিরোজা খাতুন। বছর খানেক আগের কথা। পার্শ্ববর্তী নওটিকা গ্রামের আবদুর রাজ্জাককে পারিবারিক দ্বন্দ্বের কারণে সস্ত্রীক বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সঙ্গে তাঁর সন্তানসম্ভবা স্ত্রী। তাঁকে নিয়ে তিনি কোথায় যাবেন! কিছুই ঠিক করতে পারছিলেন না। বাঘায় একটি ওষুধের দোকানে রাজ্জাকের স্ত্রীর মুখে তাঁদের এই বিপদের কথা শুনে ফিরোজা খাতুন বিচলিত হয়ে পড়েন। তিনি তাঁদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। রাজ্জাকের স্ত্রীর সন্তান প্রসবের সময় চিকিৎসক ডাকলেন। রাজ্জাকের পকেটে কোনো টাকা ছিল না। সব ব্যবস্থা করেন ফিরোজা নিজেই। ছয় মাস এই দম্পতি তাঁর বাড়িতে ছিলেন। ফিরোজা বলেন, যাওয়ার সময় তাঁরা দোকানের বাকি ও চিকিৎসকের বিল কিছুই দিয়ে যাননি। পরে পাঠিয়ে দেবেন বলে আর যোগাযোগ করেননি। সেই টাকা তাঁকেই দিতে হয়। ফিরোজা বলেন, ‘আমি তাঁদের মাফ করে দিয়েছি। হয়তো সংগতি নেই, তাই দিতে পারেননি।’গ্রামের আমিরুল কসাইয়ের থাকার কোনো ঘরবাড়ি ছিল না। টানা ১০ বছর তিনি সপরিবারে ফিরোজা খাতুনের বাড়িতে ছিলেন। তিন বছর আগে তিনি বাড়ি করে নিজের বাড়িতে গিয়ে উঠেছেন। যোগাযোগ করা হলে আমিরুল কসাই বলেন, ফিরোজা ফুফুর বাড়িতে তিনি নিজের বাড়ির মতোই ছিলেন। তিনি বলেন, তাঁর সঙ্গে তাঁদের খানিকটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে। কিন্তু যারা আত্মীয় না, তারাও একইভাবে ওখানে থাকে।গ্রামের স্কুলশিক্ষক সাইদুর রহমান বলেন, এমন দরদি মনের মানুষ সচরাচর চোখে পড়ে না। তিনি বলেন, গ্রামে ছইর উদ্দিন নামের একজন অসুস্থ মানুষ ছিলেন। তাঁর কোনো আত্মীয়পরিজন ছিল না। ফিরোজা খাতুন তাঁকে বাড়িতে তুলে নিয়ে আসেন। মৃত্যু পর্যন্ত তিনি ফিরোজার আশ্রয়ে ছিলেন। তিনি তাঁর চিকিৎসার ব্যয়ও বহন করেছেন। মৃত্যুর পর চল্লিশাও করেছেন।ফিরোজা খাতুনের দুই ছেলে, দুই মেয়ে। তারা এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি ছেলেমেয়ের বিয়ে দিয়েছেন। ছেলেদের বিয়ে দিয়ে তিনি কোনো যৌতুক নেননি। তিনি নিজে একজন প্রশিক্ষিত দাই। মেয়েদের প্রসববেদনার খবর পেলেই তিনি ছুটে যান। এ জন্য তিনি কারও কাছে পয়সা চান না। অনেকেই খুশি হয়ে তাঁকে কিছু উপহার দেন। তা ছাড়াও এলাকার কোনো নারী মারা গেলে শেষ গোসলের জন্য তাঁরই ডাক পড়ে।স্বামী মুনছার প্রামাণিক বলেন, ‘দুজনেই কষ্ট করে সংসার করেছি। মানুষের কষ্ট দেখলে খারাপ লাগে। ফিরোজা যাকে যেখানে পান, বাড়িতে তুলে নিয়ে আসেন। দুস্থ মানুষের সেবা করেন। বাইরে থেকে ওষুধপত্র এনে দেন। আমার ভালোই লাগে। তবে বাইরের অসুস্থ মানুষেরা বাড়িতে থেকে যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগ করত। এ নিয়ে গ্রামের মানুষের সঙ্গে বিবাদ হতো। এবার তিনি বাড়িতে বড় করে বাথরুম তৈরি করেছেন। কাউকে আর বাইরে যেতে হয় না।’