আবার পাহাড়ধস, আবার প্রাণহানি। মাত্র চার বছরের ব্যবধানে চট্টগ্রাম নগরের বাটালি হিল এলাকায় স্বজনদের কান্না আর আহাজারি। গতকাল শুক্রবার ভোরে প্রবল বৃষ্টির মধ্যে ভয়াবহ পাহাড়ধসে প্রাণ হারিয়েছে তিন পরিবারের চার শিশুসহ ১৫ জন। আরও তিনজন মাটির নিচে আছে।২০০৭ সালের ১১ জুন প্রবল বৃষ্টির সময় ভয়াবহ পাহাড়ধসে নগরের এই বাটালি হিলসহ কয়েকটি এলাকায় ১২৭ জনের মৃত্যু হয়েছিল। ভয়াবহ সেই ঘটনার পর আবার পাহাড়ের ঢালে বসবাসরত বাসিন্দাদের সামনে গতকাল হাজির হয় দুঃস্বপ্নের আরেকটি সকাল।পাহাড়ধসে নিহত ব্যক্তিরা হলেন: রেহেনা বেগম (৩৮), তাঁর চার সন্তান শারমিন (২০), ফাতেমা (১২), আজাদ (১০) ও তানজিনা (২); রিকশাচালক আমজাদ হোসেন (৪০), তাঁর স্ত্রী রাজিয়া বেগম (৩০), মেয়ে শারমিন (১২); বাবুর্চি সহকারী শফিউল (৪০), তাঁর স্ত্রী মিনু আক্তার (৩৫), মেয়ে সোনিয়া সনি (৮) ও ছেলে মিনহাজ (৬) এবং শাহিনুর (১৮), সাজ্জাদ (৮) ও শাহেদা (৬)। উদ্ধারকর্মীরা আনোয়ার ও দেলোয়ারা নামের দুজনকে জীবিত উদ্ধার করেন। আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানান, গতকাল সকাল ছয়টার দিকে বাটালি পাহাড়ের বড় আকারের একটি মাটির খণ্ড পাশের সীমানাদেয়ালে আছড়ে পড়ে। এরপর মাটি আর দেয়াল ২৫টি বস্তিঘর চাপা দেয়। বাংলাদেশ রেলওয়ের জায়গায় পাহাড়ের ঢালে অবৈধভাবে এসব বস্তিঘর গড়ে তোলা হয়েছিল।প্রত্যক্ষদর্শী পোশাককর্মী পাখি আক্তার বলেন, ‘আগের দিন বৃহস্পতিবার রাতে আমি অন্য জায়গায় আশ্রয় নিয়েছিলাম। সকালে কাজে যাওয়ার আগে পাহাড় ডিঙিয়ে বাসায় উঠতে যাওয়ার সময় দেখি, পাহাড়ের দেয়ালটা সরে আসতে শুরু করছে। তখন আমি চিৎকার করে সবাইকে সরে আসতে বলি। চার-পাঁচজন বের হতে পেরেছে। বাকিরা মুহূর্তের মধ্যে সেখানেই চাপা পড়ে।’জানা গেছে, পাহাড়ধস ঠেকাতে সিটি করপোরেশন গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই এলাকায় ৩৬০ ফুট দীর্ঘ একটি প্রতিরক্ষা-দেয়াল নির্মাণের উদ্যোগ নেয়। দুই বছর আগে প্রায় ২৫ ফুট উঁচু ৩০০ ফুটের নির্মাণকাজ শেষ হয়। বাকি ৬০ ফুটের নির্মাণকাজ এখনো চলছে। সরেজমিনে দেখা গেছে, দেয়ালের যে অংশের নির্মাণকাজ শেষ হয়েছে, সেই অংশে দেয়াল ঘেঁষে ধীরে ধীরে গড়ে তোলা হয় ঘর। ঘর তৈরির জন্য প্রতিরক্ষা-দেয়ালের খুঁটির নিচের মাটি সরিয়ে ফেলা হয়। এতে প্রতিরক্ষা-দেয়ালটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। টানা বৃষ্টি শুরুর পর সিটি করপোরেশন ও রেলওয়ে কর্তৃপক্ষ ওই এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকে প্রচার চালায়।জানা গেছে, পাহাড়ের মাটির বিশাল খণ্ড ও দেয়াল ২৫টি ঘর চাপা দেয়। চার-পাঁচটি ছাড়া বাকিগুলোর বাসিন্দারা আগের দিন বিকেলেই সরে পড়ে। নইলে হতাহতের সংখ্যা আরও বেশি হতো বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন।চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেন, ‘টানা প্রবল বৃষ্টির কারণে দেয়ালসহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছেন।’ আরও তিনজন মাটিচাপা থাকতে পারে বলে স্বজনেরা আশঙ্কা করছে।পাহাড়ধসে রিকশাচালক বাচ্চু মিয়া স্ত্রী ও চার সন্তান হারিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন থেকে আমাদের সরে যেতে বলায় আমরা পার্শ্ববর্তী বিদ্যালয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করি, কিন্তু বিদ্যালয়ের সব কক্ষে তালা ছিল। তাই আমরা আবার বাটালি পাহাড়ের বস্তিতে ফিরে আসি।’বাচ্চু মিয়া বলেন, রাতে তিনি বাটালি পাহাড়ের কাছে আরেক বস্তিতে ছিলেন। সেখানে তাঁর প্রথম স্ত্রী রীনা আক্তার থাকেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি রিকশা নিয়ে বের হয়ে যান। কিছুক্ষণ পর রীনা তাঁকে ফোনে জানান, পাহাড় ধসে পড়েছে। তাঁর দ্বিতীয় স্ত্রী রেহেনা ও সন্তানদের খোঁজ পাওয়া যাচ্ছে না।উদ্ধার তৎপরতা: পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করেন। এরপর পুলিশ ও র্যাব সেখানে আসে। দুপুর ১২টার দিকে উদ্ধারকাজে নামেন লে. কর্নেল সারওয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা। সকাল নয়টার একটু আগে প্রথমে ফাতেমার লাশ উদ্ধার করা হয়। এরপর রেহেনা ও তাঁর শিশুসন্তান তানজিনাসহ পরিবারের আরও দুজনের লাশ উদ্ধার করা হয়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে সবাইকে পাহাড়ের ঢাল থেকে সরে যেতে বলা হয়েছিল। অনেকে সরে গেছে। রাতে কয়েকটি পরিবার আবার এখানে আশ্রয় নেয়।’নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘টানা প্রবল বৃষ্টির কারণে স্থানীয় পুলিশকে পাহাড়ি এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। অনেকে সরে গেছে। যারা সরেনি, তারা দুর্ঘটনার শিকার হয়।’ফায়ার সার্ভিসের উপপরিচালক রুহুল আমিন বলেন, ‘আমাদের চারটি ইউনিটের প্রায় ৬০ জন সদস্য উদ্ধারকাজে অংশ নেন। তবে প্রতিরক্ষা-দেয়াল বড় হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হয়।’লাশ হস্তান্তর: উদ্ধার করা লাশ প্রথমে টাইগার পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়। সেখানে স্বজনেরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। রেহেনা ও তাঁর চার সন্তানের লাশ বুঝে নেন স্বামী বাচ্চু মিয়া। লাশগুলো সিটি করপোরেশনের গাড়িতে করে গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে পাঠানো হয়।আমজাদ ও তাঁর স্ত্রী-মেয়ের লাশ নিতে বিকেল পর্যন্ত কেউ আসেনি। তাঁদের বাড়ি লালমনিরহাটে।মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন আনোয়ার: অল্পের জন্য বেঁচে গেলেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘হঠাৎ পাহাড়সহ দেয়ালধসের শব্দ শুনে দৌড় দিই। এ সময় মাটিতে দুই পা ও এক হাত আটকে যায়। কিন্তু মাটি ও দেয়ালের ভার গাছের ওপর দিয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পাই।’বেলা ১১টার দিকে আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন দমকল বাহিনীর কর্মীরা। তাঁর ডান পা ভেঙে গেছে। আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে। তিনি নগরের রিয়াজউদ্দিন বাজারের একটি মুরগির দোকানে চাকরি করেন।আরও পাহাড়ধস: বাটালি হিল ছাড়াও প্রবল বৃষ্টিতে নগরের কুসুমবাগ ও বাঘগোনায় গতকাল দুটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া বৃহস্পতিবার রাতে নগরের নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ের একটি সীমানাদেয়াল ধসে পড়ে।তদন্ত কমিটি গঠন: বাটালি পাহাড়ে ধসের ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সার্কিট হাউসে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করে সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়েছে।তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসান এলাহীকে। এ ছাড়া ওই কমিটিতে পুলিশ, সিটি করপোরেশন ও গণপূর্ত বিভাগের প্রতিনিধি থাকবেন। বৈঠকে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেন, পাহাড় ব্যক্তিমালিকানাধীন হলে তাঁদের সঙ্গে নিয়ে পাহাড় উচ্ছেদ করা হবে।বৈঠকে জানানো হয়, বাটালি হিলের প্রতিরক্ষা-দেয়ালের পাশে গজিয়ে ওঠা বস্তিগুলো গণপূর্তের জায়গা দখল করে করা হয়েছে। এসব জায়গা অবৈধভাবে দখল করে এলাকার চিহ্নিত কিছু প্রভাবশালী ব্যক্তি ঘর তুলে নিম্ন আয়ের লোকজনকে ভাড়া দিচ্ছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর শোক: চট্টগ্রামে পাহাড় ও দেয়ালচাপায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।অপর এক শোকবার্তায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।