দুঃস্বপ্নের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম দেওয়া হয়েছে ‘ড্রিম টিম’, মানে স্বপ্নের দল। সেই দলের যে চেহারা, তাতে ‘দুঃস্বপ্নের দল’ বলাই ঠিক মনে হচ্ছে। যে দল আপনাকে এমন ধারণা দিতে পারে যে গত শতকের আশির দশকের আগে টেস্ট ক্রিকেটটা খেলাই হতো না। ব্যতিক্রম বলতে ডন ব্র্যাডম্যান নামে এক ভদ্রলোক। তিনি একটু খেলেছেন বটে।এমনিতে সর্বকালের সেরা নাম দিয়ে নির্বাচিত যেকোনো দল নিয়েই বিতর্ক অবশ্যম্ভাবী। ভিন্ন ভিন্ন যুগের খেলোয়াড়দের তুলনা করা আসলেই কঠিন। নিয়ম বদলেছে, উপকরণ বদলেছে—যুগের হাওয়ার বদলটাও বোধ হয় কম গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে বড় কথা, টেস্ট ক্রিকেটের সব রথী-মহারথীকে খেলতে দেখেছেন, এমন লোক পাওয়া একটু কঠিনই!তার পরও এ ধরনের নির্বাচন হয়। তা নিয়ে তর্ক-বিতর্কও হয়। এ এক ধরনের মজাই। কিন্তু সেই মজা এমন ‘কৌতুক’-এর রূপ নিয়ে ফেললে একটু বিরক্তই লাগে। সেই বিরক্তিই উপহার দিয়েছে ২০০০তম টেস্ট ম্যাচ উপলক্ষে ঘোষিত আইসিসির ড্রিম টিম। তবে একটা রেকর্ডও কিন্তু করে ফেলেছে। আজ পর্যন্ত কেউ গ্যারি সোবার্সকে বাদ দিয়ে সর্বকালের সেরা দল গড়ার সাহস দেখাতে পারেননি। আইসিসির এই দলের নির্বাচকদের সম্মিলিত প্রচেষ্টায় সেই অসম্ভব সম্ভব হয়েছে। শাবাশ, শাবাশ!আমি অবশ্য খুব বেশি অবাক হইনি। ডন ব্র্যাডম্যানকে যে ‘দয়া করে’ রাখা হয়েছে, তা না রাখলেও হতাম না। ওয়েবসাইটের ভোটে এই নির্বাচন—তা জানার পর থেকে এমন কিছুই অনুমান করছিলাম। ইন্টারনেটের চল তরুণ প্রজন্মের মধ্যেই বেশি। একটু বেশি বয়সীদের মধ্যে শুধু ইন্টারনেট সম্পৃক্ততাই কম নয়, ভোট-টোট দেওয়ার আগ্রহও। বিস্মিত নই, তবে নতুন করে মন খারাপ হয়েছে তরুণ প্রজন্মের একটা প্রবণতার প্রমাণ পেয়ে—যা দেখেছি, তা-ই সত্যি; ইতিহাস-টিতিহাস নিয়ে কে মাথা ঘামায়! আইসিসির এই ড্রিম টিম তো নির্বাচকদের ক্রিকেট ইতিহাস সম্পর্কে অজ্ঞতারই দলিল।প্রবল জাতীয়তাবোধের একটা ছাপও কি এতে স্পষ্ট নয়! একাদশে ভারতের চারজন খেলোয়াড়। কোন দেশ থেকে কতজন ভোট দিয়েছেন, জানা যায়নি। তবে বিপুল জনসংখ্যা আর ক্রিকেট উন্মাদনার ভারত থেকেই যে সিংহভাগ, সেটি অনুমান করাই যায়। কপিল দেবের কাছে গ্যারি সোবার্সের হেরে যাওয়ার একমাত্র ব্যাখ্যাও বোধ হয় এটাই।সুনীল গাভাস্কারের ওপেনিং সঙ্গী হিসেবে বীরেন্দর শেবাগের নির্বাচনেরও তা-ই। মিডল অর্ডারে টেন্ডুলকার-লারা দুজনই আছেন, ভিভ রিচার্ডস নেই! কারণ একটাই—ভোটারদের বেশির ভাগ লারা-টেন্ডুলকারকে চোখের সামনে ঘটমান দেখেছেন, রিচার্ডসকে দেখেননি। দেখলে রিচার্ডসের নামটি আগে লিখে এরপর ‘টেন্ডুলকার না লারা’ ভাবতে বসার কথা। রান-সেঞ্চুরি যা করেছেন, রেকর্ড বইয়েই লেখা আছে। যা লেখা নেই, তা হলো—ফাস্ট বোলাররা ব্যাটসম্যানকে ভয় দেখায়। এই একজন ব্যাটসম্যান, যাঁকে দেখে উল্টো ভয়ের শীতল স্রোত ছড়িয়ে পড়ত ফাস্ট বোলারদের শিরদাঁড়ায়। জেফরি ডুজনের কথাটা মনে পড়ছে। বছর দুয়েক আগে ইন্টারভিউ করছি, রিচার্ডসের প্রসঙ্গ আসতেই বললেন, ‘সারা জীবন দেখে আসছি, নতুন ব্যাটসম্যান এলে ফিল্ডার এক-দুই পা এগিয়ে আসে। শুধু ভিভ নামলেই দেখতাম সবাই এক-দুই পা পিছিয়ে যাচ্ছে।’আমার গড়া সর্বকালের সেরা দলে ভিভ রিচার্ডস থাকবেনই। কিন্তু আমিটা কে? কতটুকুই বা ক্রিকেট দেখেছি? খুব বেশি নয়। কিন্তু না দেখলেও তো জানা যায়। ভারতবর্ষে মুঘল শাসন নিয়ে বই লিখছেন আজকের যে ইতিহাসবিদ, তিনি কি সেই যুগের প্রত্যক্ষদর্শী নাকি!ক্রিকেট ইতিহাসের মনোযোগী পাঠকও মনশ্চক্ষে তাই ডব্লু জি গ্রেসের ব্যাটিং দেখতে পান। শেন ওয়ার্নকে সর্বকালের সেরা লেগ স্পিনার বললেও ক্ল্যারি গ্রিমেট আর বিল ও’রিলির নাম দুটি নিয়ে একটু ভাবেন। এবং সর্বকালের সেরা টেস্ট দল থেকে কখনোই ম্যালকম মার্শাল ও ডেনিস লিলি দুজনকেই বাদ দেন না। আইসিসির ড্রিম টিমে এই অবিশ্বাস্য ঘটনাটিই ঘটেছে। আকরাম-অ্যামব্রোস-ম্যাকগ্রাও নিঃসন্দেহে গ্রেট, কিন্তু এখানে তো মাপকাঠির নাম গ্রেটেস্ট। সেই মাপকাঠিতে আমার দলের তিন ফাস্ট বোলার লিলি, মার্শাল ও সিডনি বার্নস। ড্রিম টিমের অভিজ্ঞতা থেকে ভয় হচ্ছে, কেউ ন প্রশ্ন করে বসেন—এই সিডনি বার্নসটা আবার কে? ইংল্যান্ডের এই ফাস্ট মিডিয়াম বোলারের সঙ্গে ও বিপক্ষে খেলেছেন এবং তাঁকে দেখেছেন—এমন প্রায় সবাই প্রকার নির্বিশেষে বার্নসকে ‘বেস্ট বোলার এভার’-এর স্বীকৃতি দিয়েছেন। শুধু তাঁদের কথাই কেন, রেকর্ড নেই? লিখতে বসার সময়ই মনে মনে এই লেখাটাকে পরিসংখ্যানমুক্ত বলে ঘোষণা করেছিলাম। কিন্তু বার্নসের পরিসংখ্যানটা তুলে দেওয়ার লোভ সামলাতে পারছি না। ২৭ টেস্টে ১৮৯ উইকেট, গড় মাত্র ১৬.৪৩। ১৯১৩-১৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় জীবনের শেষ টেস্ট সিরিজে চার টেস্টে ১০.৯৩ গড়ে ৪৯ উইকেট! বার্নসের বয়স তখন ‘মাত্র’ ৪০। ইতিহাস আপনাকে এ-ও জানাবে, বার্নসের সময়ে দ্বিতীয় নতুন বলের কোনো চল ছিল না।সর্বকালের সেরা দল মানেই তর্ক-বিতর্ক। আমার দলটা জানিয়ে সেটি শুরু করে দেব কি না ভাবছি! জানিয়েই দিই—হবস, গাভাস্কার, ব্র্যাডম্যান, টেন্ডুলকার, রিচার্ডস, সোবার্স, গিলক্রিস্ট, ওয়ার্ন, মার্শাল, লিলি, বার্নস।[email protected]