দুই অতিথি আমাদের মনের কথা বলে গেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে বাংলাদেশে দুজন গুরুত্বপূর্ণ অতিথি এসেছিলেন। তাঁরা আমাদের মনের কথা বলে গেছেন।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ আয়োজিত এক মানববন্ধনে মওদুদ এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রতিবেদনে মওদুদ আহমদ আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলে গেছেন, সমঝোতার মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিতে হবে। নির্বাচনে যাতে সব দল অংশ নিতে পারে, এ পরিস্থিতি সৃষ্টি করতে হবে। মানববন্ধনে বিএনপির নেতা মওদুদ আরও বলেন, ‘আদালতের লড়াইয়ে আমাদের জয় হয়েছে। রাজপথেও আমাদের বিজয় অবশ্যম্ভাবী।’ এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির আরেকটি মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বা তাঁদের জেলে পাঠিয়ে জনগণের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, নির্যাতন যত বেশি হয়, আন্দোলন তত বেগবান হয়।নজরুল ইসলাম খান অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি করেন।