দুই আনোয়ারের দ্বন্দ্ব, সংসদ ক্যাফেটেরিয়া বন্ধ
একজন আনোয়ার হোসেন রতন। অন্যজন আনোয়ার হোসেন। এ দুই আনোয়ারের প্রতিষ্ঠান সপ্তডিঙ্গা জাতীয় সংসদ ভবনে খাবার সরবরাহ করা সংসদ ক্যাফেটেরিয়া পরিচালনার কাজ পেয়েছিলেন দরপত্রের মাধ্যমে। কিন্তু তাঁদের দ্বন্দ্বের কারণে ক্যাফেটেরিয়া ১৪ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে। ফলে সেদিন থেকে সংসদ ভবনে খাবার সরবরাহও বন্ধ রয়েছে।জানা যায়, সংসদ ভবনের তৃতীয় তলার এই ক্যাফেটেরিয়া ভিআইপি ক্যাফেটেরিয়া নামে পরিচিত। এখান থেকে স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপদের কার্যালয়, সাংসদ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী-অতিথি এবং সংসদীয় কমিটির সভায় নিয়মিত খাবার সরবরাহ করা হয়। সংসদ ভবনে প্রতিদিন গড়ে পাঁচটি সংসদীয় কমিটির সভা হয়। সব মিলে গড়ে এখান থেকে প্রতিদিন এক থেকে দেড় হাজার লোকের খাবারের ব্যবস্থা হয়। হঠাৎ ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় ভুক্তভোগী হচ্ছেন সংশ্লিষ্ট সবাই। সংসদীয় কমিটির সভায় খাবার যাচ্ছে না। গত ২০ বছরে এভাবে ক্যাফেটেরিয়া বন্ধের ঘটনা এই প্রথম।ক্যাফেটেরিয়া বন্ধ থাকার বিষয়ে আজ বুধবার বেলা ১১টায় সংসদীয় কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সংসদ ভবনে এ সভায় সভাপতিত্ব করবেন সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ।আব্দুস শহীদ এ ব্যাপারে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, নিজেদের ঝামেলার কারণে সংসদের গুরুত্বপূর্ণ ক্যাফেটেরিয়া এভাবে বন্ধ থাকতে পারে না। এ ব্যাপারে কমিটির সভায় প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দরপত্রের মাধ্যমে ওই ক্যাফেটেরিয়া পরিচালনার কাজ পায় জার্মানি শাখা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রতন ও সহসভাপতি আনোয়ার হোসেনের প্রতিষ্ঠান সপ্তডিঙ্গা। ক্যাফেটেরিয়ার কাছে ১৫ লাখ টাকা বকেয়া থাকার কথা জানিয়ে এক কাঁচামাল সরবরাহকারী সম্প্রতি চিঠি দিয়েছেন স্পিকার আবদুল হামিদের কাছে। এরপর স্পিকার সপ্তডিঙ্গার সব বিল বন্ধ করে দেন। এদিকে আনোয়ার হোসেন ১৩ ডিসেম্বর স্পিকারকে দেওয়া এক চিঠিতে জানান, টাকা বকেয়া থাকায় ক্যাফেটেরিয়া বন্ধ রাখা হবে।আনোয়ার হোসেন অভিযোগ করেন, কাজ পাওয়ার পর থেকে বিভিন্ন কারণ যেমন সিকিউরিটির টাকা, ক্রোকারিজ ও কাঁচামাল কেনা বাবদ খরচ দেখিয়ে রতন তাঁর কাছ থেকে ৬১ লাখ ৮২ হাজার টাকা নিয়েছেন। কিন্তু হিসাব দেননি। টাকা ফেরত চাইলে রতন বিভিন্নভাবে তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রতন বলেন, ‘এসব অভিযোগের ভিত্তি নেই। তাঁর কাছ থেকে কোনো টাকা নিয়েছি, এর প্রমাণ নেই।’ তিনি আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রতারণার পাল্টা অভিযোগ করেন।স্পিকার প্রথম আলোকে বলেন, সংসদে খাবারের মান নিয়ন্ত্রণ করতে সংসদ ক্যাফেটেরিয়া পর্যটন করপোরেশনের আওতায় দেওয়ার চিন্তা করা হচ্ছে। খাবারের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ ব্যাপারে পর্যটনের সঙ্গে আলোচনা চলছে।