দুই আসনের উপনির্বাচনে তৃণমূলের মত নিয়ে প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূলের মতামতের ভিত্তিতে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন দেবে আওয়ামী লীগ। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে আগ্রহী প্রার্থীদের তৃণমূলের সমর্থন নেওয়ার জন্য বলা হয়। গত সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো তৃণমূলের ভোট নেওয়া হচ্ছে।সূত্র জানায়, পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে মহাজোটগতভাবে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌরসভা নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়টি জানান।গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী (আরপিও) দলীয় মনোনয়ন পেতে আগ্রহী ব্যক্তিদের তৃণমূলের সমর্থন পাওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী তৃণমূল সর্বোচ্চ পাঁচজন প্রার্থীর সুপারিশ সংসদীয় বোর্ডের কাছে পাঠাবে। সংসদীয় বোর্ড এঁদের একজনকে চূড়ান্ত মনোনয়ন দেবে।বৈঠক সূত্র জানায়, সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী প্রার্থীদের কাছে আজ রোববার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি করা হবে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩০ ডিসেম্বর সংসদীয় বোর্ড বৈঠক করে মনোনয়ন চূড়ান্ত করবে। এর মধ্যে প্রার্থীদের তৃণমূলের সমর্থন নিতে হবে। সূত্র জানায়, বৈঠকে বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আরপিও অনুযায়ী তৃণমূলের সমর্থন নেওয়ার কথা উল্লেখ করেন। বোর্ড সভাপতি শেখ হাসিনা বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।তবে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেন চৌধুরী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরী আওয়ামী লীগের দুই সম্ভাবনাময় প্রার্থী বলে জানা গেছে।গত ১৯ নভেম্বর হবিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ ও প্রবীণ নেতা দেওয়ান ফরিদ গাজী এবং ১৬ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের একই দলের সাংসদ লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে আসন দুটি শূন্য হয়। আগামী ২৭ জানুয়ারি এ দুই আসনে উপনির্বাচন হওয়ার কথা।গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের এবং বোর্ড সদস্য ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং দপ্তর সম্পাদক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বৈঠকে যোগ দেন। বোর্ডের সদস্যসচিব দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিদেশে, অপর সদস্য আবদুর রাজ্জাক অসুস্থ এবং তোফায়েল আহমেদ মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভোলায় অবস্থান করায় তাঁরা বৈঠকে উপস্থিত হতে পারেননি। পৌরসভা নির্বাচনে মহাজোট: সূত্র জানায়, শেষ পর্যন্ত মহাজোটগতভাবেই পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। মহাজোটের শরিক জাতীয় পার্টি এবং ১৪ দলের কয়েকটি দলকে বেশ কয়েকটি পৌরসভায় সমর্থন দেওয়া হচ্ছে। সূত্র জানায়, সংসদীয় বোর্ডের বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়েও আলোচনা হয়।