পঞ্চগড়ে ছাত্রলীগের নেতা ফারুক হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে মুখ্য বিচারক দীলিপ কুমার দেবনাথ শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ গতকাল রোববার মো. লিটন (২৪) ও মিজানুর রহমান ওরফে কসাই মঞ্জুরকে (২৮) পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত আজ শুনানির দিন ধার্য করেছিলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান জানান, পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দিন বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।উল্লেখ্য, পুকুরের ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র করে ৮ এপ্রিল যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতা ফারুক হোসেন (২০) নিহত হন। এ ঘটনায় নিহত ফারুকের বড় ভাই ফজলুল হক পরের দিন (৯ এপ্রিল) বাদী হয়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পঞ্চগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ ঘটনার দিন গভীর রাতে যুবলীগের কর্মী লিটন (২৪), মিজানুর রহমান ওরফে কসাই মঞ্জু (২৮), মো. মহসিন (৩২), শ্রমিক লীগ কর্মী আনিসুর রহমান (২০) ও মো. মোস্তাফিজুর রহমান ওরফে মেরুকে (২৪) গ্রেপ্তার করে।এদিকে টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুর ইসলাম, সহ-অর্থসম্পাদক মেরাজ হোসেন ওরফে রিংকু, সদস্য লাবু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ওরফে স্বাধীন, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ওরফে গুড় বাবু, সহসভাপতি হযরত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।