দুই আসামির খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি রাষ্ট্রপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় দুই আসামিকে খালাসসংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এ অনুমতি দেন।একই সঙ্গে আদালত হাইকোর্টের রায়ে খালাস পাওয়া দুই আসামি সাহির উদ্দিন ও রাফাত ওরফে রাফাকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।প্রসঙ্গত, কাজী আরেফ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল এবং নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১০ আসামিকে খালাসের হাইকোর্টের রায় বহাল রেখে গতকাল রোববার আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ ছাড়া তিন আসামির করা লিভ টু আপিল (আপিলের অনুমতি আবেদন) এবং ১০ আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেন আপিল বিভাগ। একই সঙ্গে সাহির ও রাফার বিষয়ে আজ আদেশ দেওয়ার দিন ধার্য করেন।আজ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, হাইকোর্টে খালাস পাওয়া কিন্তু নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাহির ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাফার বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করা হয়েছে।আপিল বিভাগের আদেশে ইলিয়াস ওরফে ইলাচ, রাশেদুল ওরফে ঝন্টু ও আনোয়ার হোসেনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। আদেশে গারেস সরদার, তাসির উদ্দিন, আজগর জোমাদ্দার, নজরুল ইসলাম, ওয়ালিউর রহমান, একুব্বার, টিক্কা ওরফে জব্বার, লাভলু, ফিরোজ ওরফে ফরো ও লাল্টু ওরফে নুরুজ্জামানের খালাসের আদেশ বহাল রাখা হয়েছে।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল গতকাল জানিয়েছিলেন, নিম্ন আদালতের রায়ে ১১ আসামির যাবজ্জীবন ও দশ জনের মৃত্যুদণ্ড হয়। এর মধ্যে হাইকোর্টে আপিল করেন পাঁচজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। অপর পাঁচজন পলাতক। আপিলকারী পাঁচজনের মধ্যে হাইকোর্ট চারজনের মৃত্যুদণ্ড বহাল রেখে অপর এক আসামিকে খালাস দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজন আপিল বিভাগে আবেদন করেন। গতকাল আদালত তা খারিজ করেন। ফলে তিন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকছে। তিনি আরও বলেন, হাইকোর্টের রায়ে ১১ জন যাবজ্জীবনপ্রাপ্ত আসামি খালাস পান। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। এর মধ্যে ১০ জনের বিষয়ে করা আবেদন গতকাল খারিজ হয়। ফলে ১০ জনের খালাসের আদেশ বহাল রইল।জানা গেছে, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জাসদের এক সমাবেশে সন্ত্রাসীরা গুলি চালায়। ওই সময় ঘটনস্থলে জাসদের কেন্দ্রীয় নেতা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, দলের স্থানীয় নেতা ইসরাইল হোসেন ও শমসের নিহত হন। এ ঘটনায় পরদিন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসহাক আলী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়ার ১ নম্বর অতিরিক্ত দায়রা জজ ফজলুর রহমানের আদালত ১০ জনকে মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।২০০৮ সালের ৩০ জুলাই বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড-নিশ্চিতকরণের) ওপর রায় দেন।