দুই আসামির পলায়ন: আশুলিয়া থানার পাঁচ পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলার অভিযোগে আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা জেলা পুলিশ প্রশাসন। গতকাল রোববার পুলিশি হেফাজত থেকে দুই আসামি পালিয়ে যাওয়ায় নায়েক বাচ্চু মিয়া, কনস্টেবল শহিদুল ইসলাম, আবুল কালাম, বাদশা মিয়া ও এ বি এম সিদ্দিকুর রহমান নামের এ পুলিশ সদস্যদের বরখাস্ত করা হয়।পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাতে আশুলিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৫১ বোতল ফেনসিডিলসহ নাসির উদ্দিন (২৭), কাওসার আলী (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করে র্যাব। আশুলিয়া থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়।গতকাল ওই পাঁচ পুলিশ সদস্য র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুজনসহ ১০ আসামিকে আদালতে চালান দিতে একটি মাইক্রোবাসে ঢাকার উদ্দেশে রওনা দেন। কিন্তু পথিমধ্যে মাইক্রোবাসের চালক অসুস্থ হয়ে পড়েন। দুজন পুলিশ সদস্য মাইক্রোবাসের চালককে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান। আর বাকি তিনজন মাইক্রোবাসটিতে আসামিদের প্রহরার দায়িত্বে ছিলেন। মাইক্রোবাসটি তাঁতিবাজারে যানজটে আটকা পড়লে নাসির ও কাওসার সুযোগ বুঝে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যান।এরপর দায়িত্বে অবহেলার জন্য ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশে ওই পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউএনবি।