দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সেতুর অভাবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও পাশের ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ২০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের দুর্ভোগের শেষ নেই।সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার উজানচর মৈজদ্দিন মণ্ডলপাড়া খালে বছরের অর্ধেক সময় বেশি পানি থাকায় স্থানীয় লোকজনকে খেয়া পার হতে হয়। প্রতিদিন ১২-১৩টি গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ এ পথে যাতায়াত করে। খেয়া পারাপারের দায়িত্বে থাকা আবদুস সাত্তার খাঁ (৫৫) জানান, বছরের বৈশাখ মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত খেয়া চলে। বাকি সময় পানি কম থাকায় বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। স্থানীয় লোকজন জমা ভিত্তিতে খেয়া পারাপার শেষে ফসল দেয়। বাইরের কেউ পার হলে টাকা দিয়ে পার হয়। উজানচরের জুমাদ্দার ডাঙ্গী, জয়নদ্দিন সরদার ডাঙ্গী, শাহ মাতুব্বরপাড়া, দুদু খানপাড়া, নলিয়াপাড়া, নাদের মাতুব্বরপাড়া, দরাপের ডাঙ্গী, মৈজদ্দিন মণ্ডলপাড়া, বকারটিলা, মোনছের খাঁপাড়া, গফুর মাতুব্বরপাড়া, জামতলা, হাজিপাড়াসহ ১২-১৩টি গ্রামের প্রায় ১২ হাজার মানুষ চলাচল করে। অন্যদিকে গোয়ালন্দ-রাজবাড়ী শহর রক্ষা বাঁধের বিপরীতে বসবাসকারী ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের মেহেরডাঙ্গা, কেদন মীরপাড়া, হাজী গনি শিকদার ডাঙ্গী, আইনদ্দিন মোল্লার ডাঙ্গী, সাজদ্দিন মাতুব্বরপাড়া, মোল্লা গ্রাম, প্রামাণিক গ্রাম, হাজী স্বপন মোল্লাপাড়া, লতিফ মোল্লারপাড়া, ফেদু মাতুব্বরপাড়াসহ ১১-১২টি গ্রামের মানুষও এ রাস্তা ব্যবহার করে। উজানচর হাজী দুদু খানপাড়ার কৃষক ওমেদ আলী বলেন, ‘ব্রিজ না থাকায় কোনো ফসলই বাড়ি থেকে কোথাও সহজে নিতে পারি না। খালের ওপর একটি ব্রিজ হলে আমরা তাড়াতাড়ি পার হয়েই কাছের বাজারে যেতে পারি।’ ঈশান গোপালপুর মীরপাড়ার ইদ্রিস শিকদার বলেন, ‘গোয়ালন্দ বাজারে যেতে হলে বেড়িবাঁধ দিয়ে যেতে হয়। অনেক দূর ঘুরে যাওয়ার কারণে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। অথচ ব্রিজটি হলে কাউকেই এত কষ্ট পোহাতে হয় না।’ জামতলা হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী লায়লী খাতুন বলে, ‘প্রতিদিন এই খেয়া পাড়ি দিয়ে পরে হেঁটে স্কুলে যেতে হয়। আমার মতো কয়েক শ ছেলেমেয়ে আসা-যাওয়া করে। ব্রিজটি হলে রিকশায় করে আমরা যেতে পারতাম।’ উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজুল বেপারী বলেন, ব্রিজের অভাবে সারা বছর বাঁধের উভয় পাশের দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষকে প্রতিদিন বন্যার সময় খেয়া আর শুষ্ক মৌসুমে সাঁকো দিয়ে চলতে হয়। ব্রিজের জন্য মানুষের কথা শুনতে শুনতে ও চেয়ারম্যানকে বলতে বলতে নিজেরাই বিরক্ত হয়ে গেছি।’ উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘জোট সরকারের সময় কয়েকবার এমপি খৈয়ম এখানকার মানুষের দুর্ভোগের চিত্র ও ব্রিজের প্রয়োজনীয়তা দেখে গেছেন। তাতেও কোনো কাজ হয়নি। আবার মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বর্তমান এমপি কাজী কেরামত আলীকেও বারবার বলেছি এবং তিনি এসে দেখে এলাকার জনগণের কাছে ব্রিজের ব্যাপারে ওয়াদা করে গেছেন। কিন্তু এখনো কোনো লক্ষণ দেখছি না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অধিক জনগুরুত্বপূর্ণ। এমপির সঙ্গে কথা বলে দ্রুত ওই এলাকায় একটি ব্রিজ নির্মাণের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাব।’