দুই ইউপি সদস্যের কর্মকাণ্ডে প্রান্তিক চাষিরা ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের বালু তোলার সুবিধার্থে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের ধামালি ছড়ার ক্রসবাঁধ কেটে দিয়েছেন দুই ইউপি সদস্য। এর ফলে সেচের পানি না পেয়ে বোরো চাষিদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।বড়চেগ গ্রামের বোরো চাষি গোলাপ মিয়া, খালিক মিয়া, মফিজ মিয়া, ফরিদ মিয়া ও কমলগঞ্জ উপজেলা সূত্রে জানা যায়, ধামালি ছড়া থেকে বালু তোলার সুবিধার্থে বালু ইজারাদার ইউপি সদস্য আবদুল মোহিত ও আমিনুল হক ১ মার্চ ধামালি ছড়ায় নির্মিত ক্রসবাঁধটি প্রকাশ্য দিবালোকে কেটে দেন। এতে ছড়ায় আটকা পড়া পানি দ্রুত নেমে যায়। ফলে বোরো খেতের পানিও দ্রুত কমে যায়। গত কয়েক দিনে বিস্তীর্ণ এলাকার বোরো খেত ফেটে চৌচির হয়ে যায়। ক্রসবাঁধটি কেটে দেওয়ার পরদিনই ২ মার্চ ক্ষতিগ্রস্ত বোরো চাষিরা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। তদন্তে অভিযোগের সত্যতা পান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত দুই ইউপি সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ খরচে বাঁধ নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে ওই ইউপি সদস্যরা গত ১১ মার্চ পর্যন্ত ক্রসবাঁধ নির্মাণ না করে উল্টো ক্ষতিগ্রস্ত কৃষকদের নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বোরো খেতে পানি না থাকায় রোপিত বোরো ফসল মরতে শুরু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বোরো খেতে সেচ সুবিধার জন্যই ধামালি ছড়ায় ক্রসবাঁধ নির্মাণ করা হয়েছিল। অভিযুক্ত দুই ইউপি সদস্য বালু উত্তোলন করার সুবিধার্থে ক্রসবাঁধ কেটে দেন। তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মোহিত ক্রসবাঁধ কাটার কথা স্বীকার করে বলেন, দেড় লাখের বেশি টাকার রাজস্ব দিয়ে ধামালি ছড়ার বালুর ইজারা নিয়েছেন তাঁরা। ইজারা নেওয়া বালু নির্দিষ্ট সময়ের মধ্যে তোলার জন্যই তাঁরা বাঁধ কেটেছেন। এতে কোনো অন্যায় করেননি বলে তাঁদের দাবি। অভিযুক্ত ইউপি সদস্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বালুমহাল ইজারার ক্ষেত্রে বোরো চাষিদের সেচ সুবিধা দেওয়ার কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।