দুই ঈদের মাঝামাঝি সময়ে ডিসিসির নির্বাচন: ইসি
ঈদুল ফিতর ও ঈদুল আজহার মধ্যবর্তী সুবিধাজনক কোনো সময়ে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। আজ সোমবার নির্বাচন কমিশনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।এ সময় ছহুল হোসাইন বলেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।এর আগে ছহুল হোসাইন বলেছিলেন, নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, এই দুই মাসে বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা এবং হজের কারণে নির্বাচনের সময়সূচি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।১০ বছর ধরে ৭৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে উল্লেখ করে ছহুল হোসাইন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সরকারিভাবে ঘোষণা করার পরই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।ছহুল হোসাইন আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা পর্যালোচনার কাজ সম্পন্ন হয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। ইউএনবি