দুই উত্ত্যক্তকারীকে কান ধরে ওঠবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কান ধরে ওঠবস করানো হয়েছে।সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এসএসসি পরীক্ষার্থী রাকিবুল হাসান ও দশম শ্রেণীর ছাত্র রাব্বী মিয়া একই বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। ছাত্রীটির অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ওই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস-বৈঠক বসে। সালিসে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজন উত্ত্যক্তকারীকে কান ধরে ওঠবস করানো হয়। এ সময় তারা ভবিষ্যতে এমন কাজ করবে না বলে উপস্থিত লোকজনদের কাছে হাত জোর করে ক্ষমা চায়।বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ঘটনায় দুই শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে দিয়ে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা রাখা হয়েছে।