দুই উপজেলায় ১৪৪ ধারা জারি
বগুড়ার দুপচাঁচিয়া ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আজ সোমবার ১৪৪ ধারা জারি করা হয়েছে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে দলটির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ। হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ আদেশ জারি করে প্রশাসন।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।গতকাল বগুড়া সদর, শাজাহানপুর, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া ও শিবগঞ্জ উপজেলায় দিনভর তাণ্ডব চালান জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা কয়েকটি এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস, আওয়ামী লীগ নেতার বাড়ি ও কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। তাঁরা থানা ও ফাঁড়িতে হামলা চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়। এসব সহিংসতায় জেলায় ১১ জন নিহত হন। সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলার ইউএনও খন্দকার ফরহাদ আহমদ জানান, উপজেলার ভাঙ্গাবাড়ী, ধুকুরিয়া ও দৌলতপুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।