দুই উপজেলায় সহকারী কমিশনার নেই
জেলার চার উপজেলায় চারজন সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) পদ থাকলেও দুই উপজেলায় এ পদে কর্মকর্তা নেই। রাজাপুর এবং কাঁঠালিয়া উপজেলা ভূমি অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদটি ১৯৯৮ সালের ১১ আগস্ট থেকে শূন্য রয়েছে। সেই থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কাঁঠালিয়ার ইউএনও দেলোয়ার হোসেন মাতুব্বর বলেন, ‘এসি ল্যান্ড পদটি অত্যন্ত জনগুরুত্ব পদ। ইউএনও ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। ফলে সেবা নিতে আসা জনগণকে সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না।’রাজাপুর এসি ল্যান্ড কর্মকর্তার পদ ২০০৩ সালের অক্টোবর থেকে শূন্য রয়েছে। এ উপজেলার মানকি গ্রামের নামজারি করতে আসা আকবর হোসেন (৫৫) বলেন, ‘গত দুই মাসে পাঁচ-সাতবার এই অফিসে আই। অফিসের লোকজন খালি কয় দুই-তিন দিন পর আহেন। হেগো দিনই শেষ অয় না।’ রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিলন মাহমুদ বলেন, ‘নামজারি-নামপত্তন, জমা খারিজসংক্রান্ত কাজ নিয়ে মানুষ ভূমি অফিসে আসেন। দীর্ঘদিন কর্মকর্তা না থাকায় এলাকার মানুষকে ভোগান্তি পোহাতে হয়।’ ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য নাসির উদ্দিন কবির বলেন, ‘দুই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) না থাকায় নামজারির সংখ্যা কমে গেছে। ফলে দুটি উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দলিল সম্পাদনের (রেজিস্ট্রি) সংখ্যাও কমে গেছে। এতে সরকার প্রচুর রাজস্ব হারাচ্ছে।’ঝালকাঠি জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কার বলেন, ‘দুটি উপজেলায় এসি ল্যান্ড পদে কর্মকর্তা নেই ঠিকই, কিন্তু ইউএনও সাহেবরা ওই পদে দায়িত্ব পালন করছেন। প্রতি মাসেই শূন্য পদ পূরণের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে। পদ দুটি দীর্ঘদিন শূন্য থাকায় জনগণের কিছুটা সমস্যা হচ্ছে।’