ট্রাইব্যুনাল পরিদর্শনে তিন মন্ত্রী
দুই উপায়ে যুদ্ধাপরাধীদের তথ্য সংগ্রহ করা হবে: প্রধান তদন্তকারী কর্মকর্তা
দুটি উপায়ে যুদ্ধাপরাধীদের তথ্য সংগ্রহ করা হবে। প্রথমত, অভিযোগের ভিত্তিতে। দ্বিতীয়ত, দেশি-বিদেশি আর্কাইভ, ভিডিও ক্লিপ ও পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্তকারী কর্মকর্তা আব্দুল মতীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা প্রসঙ্গে আব্দুল মতীন বলেন, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে গ্রেপ্তার করা যাবে। এ জন্য আইনের আলোকে ট্রাইব্যুনালের নতুন বিধি তৈরি করতে হবে। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব ন্যায়সংগতভাবে পালন করার চেষ্টা করবেন বলে জানান।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন। এ সময় শফিক আহমেদ বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ আমরা বসেছি।’ বিচার কাজ শেষ করার ব্যাপারে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে কোনো সময়সীমা বেঁধে দেওয়া যাবে না।’ ট্রাইব্যুনালে আসার উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, অবকাঠামোসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পর্যাপ্ত পরিমাণে আছে কি না, তা দেখার জন্য তিনি এখানে এসেছেন।সকাল ১০টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। বেলা পৌনে ১১টায় ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম তাঁর কক্ষে প্রবেশ করেন। ট্রাইব্যুনালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিচারক, বিচারকদের অনুভূতি নেই। বিচারকাজ পরিচালনা করে আসছি, পরিচালনা করব।’আজ ট্রাইব্যুনাল স্থলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, অপর দুই সদস্য, দুজন তদন্তকারী কর্মকর্তা ও দুজন আইনজীবী উপস্থিত ছিলেন।