দুই উলফা নেতা ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার দুই নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে অস্ত্র আইনের মামলায় আজ রোববার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁদের কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক মোহাম্মদ আলী আহসান তা মঞ্জুর করেন। ভৈরব থানায় এ দুজনের বিরুদ্ধে গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপসহকারী পরিচালক করিমউল্লাহ বাদী হয়ে চারটি মামলা করেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শনিবার ভোরে ভৈরবের লক্ষ্মীপুর এলাকার একটি হাসপাতালের (আবেদীন জেনারেল হাসপাতাল) কাছে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তারের পর ঢাকার র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে আসামিদের আবার ভৈরব থানায় আনা হয়। তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশ, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে র‌্যাবের পক্ষ থেকে চারটি মামলা করা হয়। চারটি মামলার মধ্যে উলফা নেতাকে চারটি মামলায় এবং সহযোগীকে তিনটি মামলায় আসামি করা হয়।র‌্যাব সদর দপ্তরের পর্যবেক্ষণে গতকাল ভোর রাতে ভৈরবে অভিযান শুরু হয়। পরে ভৈরবের লক্ষ্মীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, রিভলবারের চারটি গুলি, চারটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।