স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে পেটানোর ঘটনায় গুলশান থানার দুই উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। এই দুজন হলেন মোস্তাফিজুর রহমান ও সৌমেন বড়ুয়া।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুত্ফুল কবির আজ রোববার সকালে প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল শনিবার রাতে গুলশান থানার দুই এসআইকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। চৌধুরী লুৎফুল কবির আরও জানান, আহত রাকিবের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে গতকাল রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি পুলিশের একজন যুগ্ম কমিশনারকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। প্রসঙ্গত, রাকিব আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দীনের নাতি এবং তাঁর মামা সোহেল তাজ বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রাকিবের পরিবারের অভিযোগ, বিনা অপরাধে গুলশান এলাকায় পুলিশ রাকিবের সঙ্গে খারাপ আচরণ করে এবং টানাহেঁচড়া করে থানায় নিয়ে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে। এ লেভেলে পড়ুয়া ১৯ বছর বয়সী রাকিব বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন আছেন।