দুই ওসি বদল, শামীমের অবৈধ ক্যাম্প উচ্ছেদ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তিন দিন আগে বদলি করা হয়েছে সদর ও বন্দর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। সদর থানার ওসি আকতার হোসেন ও বন্দর থানার ওসি হারুনুর রশিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাঁদের বদলির দাবি জানান দুই মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার।নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে আইভী ও তৈমুর অভিযোগ করেন, ওই দুই ওসি আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের পক্ষে কাজ করছেন। এদিকে, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শামীম ওসমানের অবৈধ ছয়টি নির্বাচনী ক্যাম্প উচ্ছেদ করেছেন।অন্যদিকে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অংশ হিসেবে গত বুধবার রাত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। আর নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আজ শুক্রবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী।দুই ওসিকে বদলি: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তার পরামর্শে সদর মডেল থানার ওসি আকতার হোসেনকে রূপগঞ্জ থানায় বদলি এবং রূপগঞ্জ থানার ওসি মজিবর রহমানকে সদর মডেল থানায় আনা হয়েছে। বন্দরের ওসি হারুনুর রশিদকে আড়াইহাজার থানায় নিয়ে সেখানকার ওসি সৈয়দ নজরুল ইসলামকে বন্দর থানায় আনা হয়েছে।শামীম ওসমানের অবৈধ নির্বাচনী ক্যাম্প উচ্ছেদ: আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের অবৈধ ছয়টি নির্বাচনী ক্যাম্প উচ্ছেদ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও স্থানীয় থানার পুলিশ ক্যাম্পগুলো উচ্ছেদ করে।বন্দর থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বন্দরের ২৩ ও ২৭ নম্বর ওয়ার্ডের কদমরসুল, বাড়িবন্দর বাজার ও দোলনা মার্কেট এলাকা থেকে ছয়টি অবৈধ নির্বাচনী ক্যাম্প উচ্ছেদ করা হয়েছে। সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল আলম খান প্রথম আলোকে বলেন, একটি থানায় একটির বেশি ক্যাম্প থাকার নিয়ম নেই। কিন্তু শামীম ওসমানের বিভিন্ন জায়গায় একাধিক ক্যাম্প রয়েছে। মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট আনোয়ার হোসেনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও থানার পুলিশকে অবৈধ ক্যাম্প উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু: নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বুধবার রাত সাড়ে ১১টা থেকে এই অভিযান শুরু হয়।গতকাল শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সিটি করপোরেশনে প্রবেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে র্যাব ও পুলিশ তল্লাশি চালাচ্ছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনেও তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া পুলিশের বিশেষ অভিযানের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে নেমেছেন।সেনাবাহিনী নামছে আজ: নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে আজ শুক্রবার সকাল ছয়টায় মোতায়েন করা হবে সেনাবাহিনীর চার কোম্পানি সদস্য। নির্বাচনের পরদিন ১ নভেম্বর রাত ১১টা পর্যন্ত তারা থাকবে। এ ছাড়া নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কাজ করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজার সদস্য।