দুই ও’ব্রায়েনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেভিনের সঙ্গে কথা হচ্ছিল ভাইকে নিয়েই। দুজনের সম্পর্ক কেমন, পরিবার—এসব নানা কিছু। পা টিপে টিপে পেছনে এসে আড়ি পেতে শোনার চেষ্টা করলেন একজন। আলাপ বুঝতে পেরে পেছন ফিরে চোখ বড় করে ফেললেন পেছনের জন, ‘আমাদের সম্পর্ক ভয়াবহ!’ বলেই বাচ্চাদের মতো একটা ভেংচি কেটে সোজা হাঁটা দিলেন নিয়াল, কেভিনের বড় ভাই!দুই ভাইয়ের সম্পর্ক ভয়াবহই, তবে ভয়াবহ রকম বন্ধুত্বপূর্ণ। আরেকটি বিষয়ও স্পষ্ট হলো। দুই ভাই দারুণ বন্ধু হলেও চরিত্র পুরো উল্টো। ২৯ বছরের নিয়াল ও’ব্রায়েনের কাছে জীবন মানে ফুর্তি—নিজের কাজটা ঠিকঠাক করো আনন্দের সঙ্গে। প্রতিটি মুহূর্ত উপভোগ করো তারিয়ে তারিয়ে। তিন বছরের ছোট কেভিন ও’ব্রায়েন নিজের মধ্যেই ডুবে থাকেন। সব সময়ই সিরিয়াস, জীবন তাঁর কাছে গম্ভীর!অমিল দুজনের খেলাতেও। দুজনই অলরাউন্ডার, তবে দুই রকমের। নিয়াল দলের এক নম্বর উইকেটকিপার, সঙ্গে মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসা। কেভিন একেবারে খাঁটি অলরাউন্ডার। নতুন বলের বোলার, ব্যাট করেন মিডল অর্ডারে। তবে একটা জায়গায় দারুণ মিল, দুজনই প্রতিপক্ষের যম!আয়ারল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দুটি জয় এসেছে এই দুই ভাইয়ের হাত ধরেই। গত বিশ্বকাপে পাকিস্তানকে ১৩২ রানে গুটিয়ে দিয়েও বিপদে পড়ে গিয়েছিল আইরিশরা। নেমেই পাল্টা আক্রমণ শুরু করা নিয়াল যখন দলীয় ১০৮ রানের মাথায় আউট হলেন, তাঁর একারই ৭২! উইকেটে থেকে দলকে জেতালেন কেভিন। সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে এক পাশ আগলে ছিলেন উইলিয়াম পোর্টারফিল্ড, কিন্তু দলের ইনিংসটা গতি পায় কেভিনের ৪৪ বলে ৪৮ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের বাধা ছিলেন দুই ও’ব্রায়েন। ১৩৭ রান তাড়া করতে নেমে এবারও শুরুতে বিপর্যয়। কিন্তু ২৫ বলে ৪০ রান করে আবারও নিয়ালের পাল্টা আক্রমণ, ১৭ বলে অপরাজিত ৩৯ করে দলকে জেতালেন কেভিন।এবারও বাংলাদেশকে হারাতে চান দুই ভাই। বরাবরের মতোই নিয়ালের উৎসাহ বেশি, ‘বাংলাদেশকে আমরা গত বিশ্বকাপে হারিয়েছি, ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে হারিয়েছি, গত বছর বেলফাস্টে হারিয়েছি। এবারও হারাতে চাই। ভারতের কাছে হারার পর বাংলাদেশ আরও চাপে। সুযোগ কাজে লাগাতে চাই।’এই দুই ভাইয়েরই আরও তিন ভাই আছেন। সবাই বড়। পল, জার্ড ও কনর ক্রিকেট ও হকি খেলেছেন বিভিন্ন পর্যায়ে। একমাত্র বোন সিয়ারা আয়ারল্যান্ড মহিলা হকি দলের হয়ে দেড় শর বেশি ম্যাচ খেলে অবসর নিয়েছেন। বাবা ব্রেন্ডন ১৯৬৬ থেকে ১৯৮১ পর্যন্ত টানা খেলেছেন আয়ারল্যান্ড ক্রিকেট দলে। খেলেছেন আধা পেশাদার ফুটবলও। ছেলেমেয়েরা জন্মের পর থেকেই দেখেছে চারপাশের দুনিয়া খেলাধুলাময়। খেলোয়াড় না হয়ে যেন উপায় ছিল না ও’ব্রায়েনদের। কেভিন বলেন, ‘মনে আছে, আমরা ছয় ভাইবোন তিনজন করে ভাগ হয়ে আঙিনায় খেলতাম। ফুটবল, ক্রিকেট, রাগবি, হকি। বাবা কখনো আমাদের ওপর কিছু চাপিয়ে দেননি।’নিয়াল তো ফুটবল-ক্রিকেট দুটোই খুব ভালো খেলতেন। শেষ পর্যন্ত ক্রিকেটই অবলম্বন হয়ে ওঠে ১৭ বছর বয়সে। চলে যান অস্ট্রেলিয়ায়। ৫ বছর সিডনির গ্রেড ক্রিকেট খেলার পর কাউন্টিতে। পরে জাতীয় দলে। কেভিন জাতীয় দলে এসেছেন বয়সভিত্তিক দলে খেলে। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশে। ছিলেন শুধুই পেসার, ব্যাটিং করতেন ৯-১০ নম্বরে। তবে ওই বিশ্বকাপেই হঠাৎ ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে অসাধারণ ব্যাটিং করলেন। ব্যাটিং ভালো হতে লাগল, এখন তো পুরোদস্তুর অলরাউন্ডার।নিয়াল ব্যাটিং করেন সাধারণত চারে, কেভিন পাঁচ-ছয়ে। উইকেটে তাই নিয়মিতই দেখা হয় দুজনের, হয় জুটি। বোঝাপড়া নিশ্চয়ই ভালো? ‘হ্যাঁ, একটু বেশিই ভালো। এ জন্য প্রায়ই রান আউট হই আমরা’—হাসিতে খান খান নিয়াল।জুটির সময় কী কথা হয় দুজনের? নিয়াল যথারীতি রসিক, ‘বলি, অনেক দিন পর দেখা, খবর-টবর বল!’ কেভিন সিরিয়াস, ‘দিনের পরিস্থিতি নিয়েই কথা হয়। মাঝেমধ্যে চাপ বেশি থাকলে ক্রিকেট নিয়ে আলাপই হয় না। বাড়ির কথা, বন্ধুবান্ধবের কথা বলি।’গল্প এগিয়ে চলে। একসময় টিম বাসে ওঠার ডাক আসে। কিটব্যাগ নিয়ে গম্ভীর মুখে এগোন কেভিন। আর নিয়াল? ‘দুষ্টু বালক’ তখন দুই হাতের পেশি ফুলিয়ে দেখাচ্ছেন নেট বোলারদের!