দুই কর্মী ও ডেসটিনি ট্রি-প্ল্যানটেশনের ব্যাংক হিসাব জব্দ
এবার ডেসটিনি গ্রুপের দুই কর্মীর যাবতীয় ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাঁরা হলেন ডেসটিনি ট্রি-প্ল্যানটেশনের শাম্মী আখতার ও ডেসটিনি ২০০০ লিমিটেডের মিম্মি আখতার। একই সঙ্গে ডেসটিনি ট্রি প্লানটেশনের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি) থেকে পাঠানো চিঠিতে সব বাণিজ্যিক ব্যাংককে এই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লিখিত দুজন কর্মীই ডেসটিনি গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘনিষ্ঠ এবং সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানে গ্রাহকসেবার কাজ করেন বলে জানা গেছে।মূলত বার্ষিক আয়-ব্যয়ের সুষ্ঠু অভ্যন্তরীণ নিরীক্ষার স্বার্থে এবং প্রাপ্য রাজস্ব আদায়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেসটিনির এই দুই কর্মীর সব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত থাকবে।এই আদেশের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের একক ও যৌথ নামে পরিচালিত সব মেয়াদি স্থায়ী আমানত (এফডিআর), সঞ্চয়পত্র, ডিপিএস হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত থাকবে। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১১৭(৪) ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সিআইসি এই চিঠি দিয়েছে। এই ধারায় রাজস্ব ফাঁকির সন্দেহে যেকোনো করদাতার ব্যাংক হিসাব জব্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে।এর আগে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ নয়জন পরিচালকের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর। এ ছাড়া ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের নিরীক্ষাও করছে এনবিআর গঠিত বিশেষ কমিটি।এদিকে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘ডেসটিনির বিভিন্ন বিষয় বাণিজ্য মন্ত্রণালয় তদন্ত করছে। এ জন্য কমিশন গঠনের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।’এ ছাড়া এমএলএম আইনের খসড়া সচিব কমিটিতে রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় সংসদের বাজেট অধিবেশনেই অনুমোদনের জন্য এটি উত্থাপন করা হবে।