দুই কারণে অনুসন্ধান কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, তাঁর দল দুটি কারণে নির্বাচন কমিশন গঠনের সুপারিশ প্রত্যাখ্যান করছে।প্রথমত, এই সুপারিশ অসাংবিধানিক। সার্চ কমিটি গঠন ও তাদের সুপারিশের পুরো প্রক্রিয়াটি অবৈধ। কেননা যে প্রজ্ঞাপনের মাধ্যমে সার্চ কমিটি গঠিত হয়েছে, তা অবৈধ। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনে আইন করার কথা বলা হয়েছে, প্রজ্ঞাপন নয়।দ্বিতীয়ত, সার্চ কমিটিতে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা সবাই এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত এবং সরকারের বেতনভুক্ত। তাই তাঁদের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয়। কমিটিতে বাইরের কেউ কিংবা নাগরিক সমাজের প্রতিনিধিদের রাখা যেত।মওদুদ আহমদ বলেন, বিএনপি এই সুপারিশ গ্রহণ করে না। এর মূল্য আছে বলেও মনে করে না। তা ছাড়া তত্ত্বাবধায়ক সরকার বহাল না করলে কমিশনে কে এল আর কে গেল, তা বিএনপির কাছে গুরুত্ব বহন করে না।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই প্রক্রিয়ার সঙ্গে তাঁর দল সম্পৃক্ত নয়। এই প্রক্রিয়াকে আগেই বিএনপি প্রত্যাখ্যান করেছে। তাই কে এল আর কে এল না, তা নিয়ে মন্তব্যের প্রয়োজন নেই। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাই আগে এই বিষয়টি চূড়ান্ত করতে হবে। তাহলে আর কোনো কিছু নিয়ে সংকট হবে না।