দুই কিশোরকে ফেরত দেয়নি বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ শিশু-কিশোরের মধ্যে তিনজনকে আজ সোমবার দুপুরে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।ঠাকুরগাঁওয়ের দিনাজপুর সীমান্তে পতাকা বৈঠকের পর সাতাফুল ইসলাম (১৩), মন্টু আলী (৯) ও রায়হান খানকে (৮) বিডিআরের হাতে তুলে দেন বিএসএফের সদস্যরা। তবে তাঁরা এখনো দুজনকে ফেরত দেননি।গত ২৩ জুলাই হরিপুর উপজেলার মিনাপুর গ্রামের ওই তিন শিশুসহ অপর কিশোর পানিয়া মোহাম্মদ (১৫) ও সালাহউদ্দীন আহম্মদকে (১৪) ধরে নিয়ে যান বিএসএফের সদস্যরা।বাংলাদেশের পক্ষে বিডিআরের দিনাজপুর ২ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইফতেখার আহমেদ এবং ভারতের ১২০ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক দীপক কুমার মণ্ডল পতাকা বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।মেজর ইফতেখার আহমেদ প্রথম আলোকে জানান, বাংলাদেশি সাতাফুল ইসলাম, মন্টু আলী ও রায়হান খানকে আজ ফেরত দিয়েছে বিএসএফ। পানিয়া মোহাম্মদ ও সালাহউদ্দীন আহম্মদকে ফেরত দেয়নি। এ ব্যাপারে বিএসএফের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, জানতে চাওয়া হলে তিনি কিছুই জানেন না বলে জানান।মুক্তি পাওয়া সাতাফুল জানায়, সে পানিয়া ও সালাহউদ্দীনকে সর্বশেষ গত শুক্রবার দেখেছে। এরপর তাদের আলাদা করে রাখা হয়। রায়হান জানায়, সেখানে বাংলাদেশের আরও ১০-১২ জন শিশু রয়েছে।একই সঙ্গে বিএসএফ আরও দুজন শিশুকে বিডিআরের হাতে তুলে দিয়েছে। তারা হলো কৃষ্ণচন্দ্র বর্মন (১৫) ও অনিমা রানী (১২)। তাদের পিতা মদনচন্দ্র রায় এবং মাতা মালতি রানী ওই সময় পীরগঞ্জের দিনাজপুর সীমান্তে এসেছিলেন তাঁদের সন্তানদের নিতে। তাঁরা জানান, ২০০৭ সালের অক্টোবর মাসে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোধগাঁও সীমান্ত থেকে বিএসএফের সদস্যরা দুই সন্তানসহ তাঁদের ভারতে ধরে নিয়ে যান। গত ৩০ জুন মদনচন্দ্র ও মালতি রানী ছাড়া পান। আজ তাঁদের দুই সন্তানকে ফেরত দেওয়া হলো।