দুই কোটি টাকায়ও সরেনি কচুরিপানা!
নগরের যেসব জলাশয়ে কচুরিপানা আছে, সেগুলোর আশপাশের বাসিন্দাদের মশার যন্ত্রণায় থাকতে হচ্ছে। এ বিষয়ে আগারগাঁওয়ের এক বস্তিঘরের বাসিন্দা কুলসুম বিবি বলেন, ‘নদী ভাইঙ্গা ভোলা থেইকা ঢাকায় আইছি। এখন ঠাঁই নিছি পুকুরের ওপরে। কিন্তু মশার যন্ত্রণায় টিকা যাইতাছে না। দিনেও মশারি টানাইয়া ঘুমাইতে অয়। কচুরির লেইগা এত মশা অইছে। এক-দুই মাস পর পর আইয়া ওষুধ দিয়া যায়, কিন্তু মশা তো কমে না!’অর্থবছরের অর্ধেকটা পার হতে চলেছে। নগরে এসেছে মশার মৌসুম। কিন্তু এখনো পর্যন্ত জলাশয় থেকে কচুরিপানা সরাতে অভিযান চালায়নি ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। অথচ মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে তাদের ২০১০-১১ অর্থবছরের বাজেটে জলাশয় থেকে কচুরিপানা সরাতে দুই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।এই খাতে অর্থ বরাদ্দের গুরুত্ব তুলে ধরলেন ডিসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ঊর্ধ্বতন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নূরুল ইসলাম। তাঁর ভাষ্য, কচুরিপানা মশার প্রধান প্রজননস্থল। এগুলোর মধ্যেই মশা বাস করে। জলাশয় থেকে কচুরিপানা সরাতে না পারলে মশার ওষুধ দিয়েও কোনো লাভ হবে না।এদিকে তিন মাস পরপর একটি জলাশয়ে কচুরিপানা সরানোর অভিযান চালানোর কথা থাকলেও চলতি অর্থবছরে এখনো পর্যন্ত কাজটি করেনি ডিসিসি। এ বিষয়ে ডিসিসি সূত্র জানায়, চলতি অর্থবছরে পদ্ধতিগত জটিলতার কারণে কচুরিপানা উচ্ছেদ অভিযান শুরু করতে দেরি হচ্ছে। আগে অভিযান চালানোর অর্থ সরাসরি আঞ্চলিক কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হতো। এই অর্থবছরে আগে আঞ্চলিক কার্যালয়গুলোর কাছ থেকে জলাশয়ের তালিকা চাওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী খরচের হিসাব করে তারপর অর্থ বরাদ্দ করা হবে।জলাশয় জরিপের কাজ শেষ পর্যায়ে আছে বলে জানান ডিসিসির অঞ্চল-৭-এর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি বলেন, শিগগিরই এটি নগর ভবনে জমা দেওয়া হবে। নগর ভবন থেকে অর্থ বরাদ্দ পাওয়ার পর আগারগাঁও, দারুস সালাম, মিরপুরে তার আওতায় থাকা জলাশয়গুলো থেকে কচুরিপানা সরাতে অভিযান চালানো হবে।এ বিষয়ে ডিসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ঊর্ধ্বতন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নূরুল ইসলাম দাবি করেন, জলাশয় জরিপের তথ্যাদি নগর ভবনে জমা পড়ছে। ডিসেম্বর মাসের মধ্যেই কচুরিপানা সরানোর অভিযান শুরু হবে।