দুই কোটি ৩৩ লাখ টাকার লটারি ভণ্ডুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্থানীয় কয়েকজন যুবকের বাধার কারণে গতকাল বুধবার জেলা পরিষদের দুই কোটি ৩৩ লাখ টাকার দরপত্রের লটারি প্রক্রিয়া (ঠিকাদার নির্বাচন) ভণ্ডুল হয়ে গেছে। ওই যুবকেরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, পাঠাগার, গ্রামীণ সড়ক সংস্কার ও উন্নয়ন প্রকল্পের জন্য জেলা পরিষদ ৯ ফেব্রুয়ারি ৬২টি গ্রুপে দুই কোটি ৩৩ লাখ ৪১ হাজার টাকার দরপত্র আহ্বান করে। ৩ মার্চ দরপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রতি গ্রুপে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৮৬টি দরপত্রসহ মোট দুই হাজার ২৭৪টি শিডিউল বিক্রি হয়। দরপত্রের শর্ত অনুযায়ী গতকাল লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। প্রত্যক্ষদর্শী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল ১০টার পর থেকে ঠিকাদারেরা জেলা পরিষদে ভিড় করতে থাকেন। শান্তিপূর্ণ পরিবেশে লটারি শেষ করতে জেলা পরিষদ সেখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন করে। দুপুর ১২টার দিকে ঠিকাদারদের উপস্থিতিতে লটারি প্রক্রিয়া শুরু হয়। লটারির মাধ্যমে প্রথমে যে নম্বরটি পাওয়া যায় সেটি না বলে অন্য একটি নম্বর বলা হয় বলে অভিযোগ ওঠে। তখন জেলা পরিষদের প্রধান নির্বাহী মলয় কুমার রায় এভাবে লটারি করা যাবে না বলে জানান। এ সময় ক্ষমতাসীন দলের পরিচয় দিয়ে কয়েকজন যুবক লটারি বাদ দিয়ে সমঝোতার মাধ্যমে কাজ বণ্টন করতে প্রধান নির্বাহীকে অনুরোধ করেন। প্রধান নির্বাহী তা না মানায় যুবকেরা দরপত্রের বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। তারা জেলা পরিষদ চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা লটারি কার্যক্রমসহ দরপত্র স্থগিত ঘোষণা করেন। পরে পুলিশ জেলা পরিষদ থেকে সব ঠিকাদারকে সরিয়ে দেয়। বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় সদর থানার ওসির অনুরোধে সেখানে থানার পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ পাঠানো হয়।জেলা পরিষদের প্রধান নির্বাহী মলয় কুমার রায় বলেন, কয়েকজন যুবক নিয়মের বাইরে কিছু করতে চেয়েছিল। এটা করতে না পেরে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। একপর্যায়ে এই দরপত্র স্থগিত ঘোষণা করা হয়। তারা কারা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তাদের চিনি না।’