দুই কোরিয়ার এখন ঘুরে দাঁড়ানোর সময়
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং-বাক বলেছেন, দুই কোরিয়ার এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। নতুন বছরের শুভেচ্ছা বাণীতে তিনি এ কথা বলেছেন। এদিকে, নতুন নেতা কিম জং-উনের সার্বিক নিরাপত্তা রক্ষায় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়া।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং-বাক বলেন, দুই দেশের মধ্যে বন্ধন দৃঢ় করার সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনা অটুট রাখতে দক্ষিণ কোরিয়া দৃঢ় প্রতিজ্ঞ। দুই কোরিয়ার মধ্যে স্থিতিশীলতা বজায় রাখার যে আলোচনা চলছে, উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি অব্যাহত রাখলে তা সম্ভব হবে না। ১৯৯৪ সালে বাবা কিম ইল সাংয়ের মৃত্যুর পর থেকে কিম জং-ইল দক্ষিণ কোরিয়া শাসন করে আসছেন। তিনি দীর্ঘ ১৭ বছর দেশটি শাসন করেন। গত ১৭ ডিসেম্বর কিম জং-ইল (৬৯) মারা যাওয়ার পর তাঁর উত্তরাধিকারী কিম জং-উন দেশটির ক্ষমতা গ্রহণ করেন।গত দুই বছর থেকে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। দক্ষিণ কোরিয়া প্রতিবেশী উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ করে যে তারা ২০১০ সালের মার্চে একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। ওই ঘটনায় ৪৬ সেনা মারা যান। আট মাস পর দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় গোলা নিক্ষেপ করলে চারজন মারা যায়। উত্তর কোরিয়া প্রথম ঘটনাটি অস্বীকার করেছে। আর দ্বিতীয় ঘটনাটি দক্ষিণ কোরিয়ার উসকানিতে ঘটেছে বলে দাবি করেছে। এদিকে, নতুন বছরের এক বার্তায় দেশবাসীকে তাদের নতুন নেতা কিম জং-উনকে রক্ষার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সংবাদমাধ্যম কেসিএনএ এ কথা জানিয়েছে। খবরে নতুন নেতার সার্বিক নিরাপত্তার স্বার্থে দেশের সর্বস্তরের মানুষকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা বলা হয়।