দক্ষিণের দুই সেনা নিহত, ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ
দুই কোরিয়ার মধ্যে ব্যাপক গোলাবিনিময়
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গতকাল মঙ্গলবার ব্যাপক গোলাবিনিময় হয়েছে। এতে দক্ষিণ কোরিয়ার দুজন মেরিন সেনা নিহত, আরও দুই সেনাসহ অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। সিউল একে উসকানিমূলক অভিহিত করে বলেছে, উত্তর কোরিয়াই প্রথম হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র এ ঘটনাকে উত্তর কোরিয়ার আগ্রাসী তৎপরতা বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। খবর এএফপি, বিবিসি ও আল-জাজিরা অনলাইন।এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন। উত্তর কোরিয়া এ হামলা অব্যাহত রাখলে তিনি তাঁর দেশের সেনাবাহিনীকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্টের এক মুখপাত্র এ তথ্য জানান।সিউলে বিভিন্ন সূত্র জানায়, গতকাল সকালের দিকে পীত সাগরের কাছে দক্ষিণ কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী ইয়ংপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার সেনারা কামানের ২০০ গোলা ছুড়েছে। এতে দক্ষিণ কোরিয়ার দুজন মেরিন সেনা নিহত হয়। গোলার আঘাতে দ্বীপের ৭০টি বাড়ি ধ্বংস হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম-ইয়ং জানান, উত্তরের গোলার জবাবে তাঁদের পক্ষ থেকে অন্তত ৮০টি গোলা ছোড়া হয়েছে।দক্ষিণ কোরিয়া তার সীমান্ত অঞ্চলে সর্বোচ্চ বেসামরিক সতর্কতা জারি করেছে। দেশটির শীর্ষস্থানীয় নেতারা সিউলে এ নিয়ে জরুরি বৈঠকে মিলিত হন। বিশ্লেষকেরা বলছেন, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের পর দেশ দুটির মধ্যে এটিই সবচেয়ে বড় ধরনের গোলাবিনিময়ের ঘটনা।স্থায়ী শান্তিচুক্তি ছাড়াই অস্ত্রবিরতির মাধ্যমে কোরীয় যুদ্ধ শেষ হওয়ায় কার্যত দেশ দুটি এখনো যুদ্ধরত বলে মনে করা হয়।ইয়ংপিয়ং দ্বীপের বাসিন্দা য়ু সু-য়ু (৬২) জানান, ‘আমাদের সেনাদের মহড়া শেষ হওয়ার কিছুক্ষণ পরই উত্তর কোরিয়ার সেনারা দ্বীপটিকে লক্ষ্য করে গোলা ছোড়ে। এতে তাৎক্ষণিকভাবে অন্তত ১০টি বাড়িতে আগুন ধরে যায়। বাড়িগুলো থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। গ্রামবাসীর কেউ কেউ নিকটবর্তী আশ্রয়কেন্দ্রের দিকে এবং অন্যরা নিকটবর্তী বন্দরের দিকে দৌড়াতে থাকে।’ওই দ্বীপের অপর বাসিন্দা লি জং-সিক ওয়াইটিএন টেলিভিশনকে জানান, ‘বজ্রের মতো গোলার শব্দ শোনা যায়। আমি ১০টি বাড়িতে আগুন ধরে যেতে দেখেছি।’সিউলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি গোলা নিক্ষেপের পর সামরিক বাহিনীকে ‘এ ক্লাস’ সতর্কতায় রাখা হয়েছে। দ্বীপটিতে জঙ্গি বিমান মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুই দেশের বিতর্কিত জলসীমায় গত মার্চে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়। সিউলের অভিযোগ, পিয়ংইয়ংয়ের টর্পেডোর আঘাতেই জাহাজটি ডোবে এবং তাদের ৪৬ জন নাবিকের প্রাণহানি ঘটে। এর পর থেকে দেশ দুটির সম্পর্কের আরও অবনতি ঘটে।বিভিন্ন দেশের নিন্দা: যুক্তরাষ্ট্র, জাপান ও রাশিয়া দক্ষিণ কোরিয়ার দ্বীপে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, ‘আমরা উত্তর কোরিয়ার এই হামলার তীব্র নিন্দা জানাই। পিয়ংইয়ংকে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে ওই এলাকার শান্তি বজায় রাখার আহ্বান জানাই। আমরা জোরের সঙ্গে বলতে চাই, মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।’চীনের উদ্বেগ: চীন এ ঘটনায় কোরীয় দ্বীপের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে উভয় পক্ষকে সহিষ্ণুতা দেখাতে ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই গতকাল সাংবাদিকদের জানান, ‘আমরা গতকালের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান সাংবাদিকদের বলেছেন, ‘পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমি তাঁদের এ-সংক্রান্ত আরও তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছি।’