দুই ক্লাস কম ম্যাট্রিক পড়ে গণ-অভ্যুত্থান করা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনার সেনা-অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। গণ-অভ্যুত্থানও ব্যর্থ হবে। দুই ক্লাস কম ম্যাট্রিক পড়ে গণ-অভ্যুত্থান করা যায় না। সেনাবাহিনীতে কিছু ধর্মান্ধ ঢুকিয়ে সেনা-অভ্যুত্থানের চেষ্টা করেছেন। এ অভ্যুত্থান ছিল জঙ্গিদের অভ্যুত্থান।’আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন উদ্বোধন ও রেলওয়ে স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে অনুষ্ঠিত এক জনসভায় সুরঞ্জিত এসব কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে ভারতের বিরোধিতা ও উগ্র সাম্প্রদায়িকতা। এমন তামাশার রাজনীতি আর চলবে না। আমাদেরও ভুল-ভ্রান্তি থাকতে পারে। আপনারা সংসদে এসে কথা বলুন। আমি কথা দিচ্ছি, যতক্ষণ কথা বলতে চাইবেন বলতে দেওয়া হবে। নির্বাচনের এখনো দুই বছর বাকি। এখনই খালেদা জিয়া তত্ত্বাবধায়ক তত্ত্ব নিয়ে মাঠে নেমেছে।’রেলমন্ত্রী আরও বলেন, ‘আমরা যমুনা নদীতে আর একটি সেতু করব কেবলমাত্র রেলের জন্য। বর্তমান সরকার রেলের পুনর্জাগরণ চায়, রেলের গতি চায়। উপ-আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ স্থান। এখান থেকেই নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে। অতীতের সরকারগুলো রেলকে ধ্বংস করে দিয়েছে। রেলের জায়গা-জমি বিক্রি করে দিয়েছে। তারা রেলের গতি কমিয়ে ১৫ মাইলে নিয়ে এসেছে। আমরা এখন রেলের গতি করেছি ৪৫ মাইল। ভবিষ্যতে ৬৫ মাইল গতিবেগে রেল চলবে। যারা রেল ধ্বংস করেছে, তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ আর নাই।’