দুই খানের যুদ্ধ!
এত দিন আড়ালে আর পেছনে কথাবার্তা, মন্তব্য ছোড়াছুড়ি হলেও এবারে সম্ভবত সাম্রাজ্য নিয়ে রাজায় রাজায় যেমন যুদ্ধ হয় তেমন যুদ্ধই ঘটতে যাচ্ছে শাহরুখ খান আর সালমান খানের মধ্যে। অবশ্য টাগ অব ওয়ারও বলা যায় একে। ‘মিড’ডে তাদের এক খবরে জানিয়েছে, দক্ষিণ ভারতের একটি ছবির রিমেকে কেন্দ্রীয় চরিত্রের জন্য মুখোমুখি এবারে বলিউডের দুই যুযুধান খান। সালমান আর শাহরুখ। কমল হাসান অভিনীত দক্ষিণের ‘ভেত্তাইয়াদু ভিলাইয়াদু’ ছবিটির রিমেকে দুই খানের এই টাগ অব ওয়ারের জন্য পরিচালক গৌতম মেননও খানিকটা দায়ী। কারণ, তাঁর যে আবার দুই খানকেই পছন্দ। দুজনের কাছেই তিনি প্রস্তাব নিয়ে হাজির। অবশ্য দক্ষিণের সম্ভাবনা হাতড়ে বেড়ানোর বিষয়টি এখন বলিউডের অনেক তারকারই অভ্যাসে পরিণত হয়েছে। দক্ষিণের ছবির রিমেক যেমন বলিউডের মোড়কে বাজারে আসছে, ঠিক তেমনি বলিউডের কাহিনিও খোলনলচে বদলে দক্ষিণের বাজারে ঢুকছে। সালমান খান অবশ্য দক্ষিণের ছবি ‘পোখরি’র বলিউড রিমেক ‘ওয়ান্টেড’-এ অভিনয় করে শাহরুখের চেয়ে একটু এগিয়েই আছেন। কিন্তু জানা গেছে, পরিচালকের পছন্দের পাল্লা শাহরুখের দিকেও সমান! এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন খান টেকেন আর কোন খানই বা ছবিতে অভিনয় করার ক্ষেত্রে সম্মতি জানান।উল্লেখ্য, দক্ষিণের খ্যাতিমান নায়ক কমল হাসান ২০০৬ সালে ভেত্তাইয়াদু ভিলাইয়াদুতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন। কমল হাসানের অভিনয়, পুলিশ কর্মকর্তা চরিত্রটির বিশেষত্ব, ছবিতে ব্যবহূত স্পেশাল ইফেক্টস—সব মিলিয়ে দক্ষিণের ক্রাইম থ্রিলার ছবিগুলোর জন্য এটি একটি মাইল ফলকই হয়ে আছে।