দুই খুনি ধরা পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে খুনের ঘটনায় অভিযুক্ত দুই যুবক রুবেল ও মিথুনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। খুনের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মীয় আবুল হোসেন একটি মামলা দায়ের করেছেন। এতে রুবেল ও মিথুনকেই আসামি করা হয়।এদিকে পুলিশ বলেছে, সন্দেহভাজন খুনি দুই যুবক ধনীর বখাটে ছেলে ও মাদকসেবী।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, হত্যা মামলার আসামি দুই যুবককে খুঁজতে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেছে। কিন্তু তাদের খোঁজ মেলেনি। এলাকার লোকজনকে উদ্ধৃত করে তিনি বলেন, রুবেল ও মিথুন গুলশানের ইয়াবা সেবনকারী দলের সদস্য। এরা দুজনই সচ্ছল পরিবারের বখাটে ছেলে। পুলিশের ধারণা, মাদকসেবীদের সূত্রে অথবা কোনো সন্ত্রাসীর কাছ থেকে খুনে ব্যবহার করা অস্ত্র ভাড়া নিয়েছিল তারা।ওসি কামাল উদ্দিন বলেন, মিথুনের মা রিতা রানী ছেলের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। রিতা পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য টাকা নেয়। তবে সে বিশ্ববিদ্যালয়ে যায় কি না, তা তিনি জানেন না। মিথুনের মা পুলিশকে বলেছেন, সে ইয়াবা সেবন করে বলে তিনি শুনেছেন। ওসি বলেন, গুলশানে মিথুনদের ছয়-সাতজনের একটি দল রয়েছে। তবে এরা কোনো ধরনের অপরাধে জড়িত নয়।রিতা রানীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।গুলশান অঞ্চলের উপকমিশনার হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, এ খুনের আসামি ও মোটিভ পুলিশের কাছে স্পষ্ট। তার পরও এর পেছনে অন্য কোনো কিছু আছে কি না, তা বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। তবে গতকাল পর্যন্ত পুলিশ সাদেকের দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ করেনি। বাবা-মায়ের লাশ দাফনের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তার জানান।হত্যার প্রত্যক্ষদর্শী ও সাদেকের মেজো মেয়ে ঘটনার দিন বুধবার প্রথম আলোকে জানিয়েছিলেন, দুই সন্ত্রাসী যুবক অস্ত্রের মুখে তাঁর ছোট বোনকে অপহরণ করতে চেয়েছিল। তা করতে না পেরে বাবা ও মাকে গুলি করে।পুলিশের উপকমিশনার বলেন, ওই বাড়িতে আসলেই কী ঘটেছিল, তা দুই বোনকে জিজ্ঞাসাবাদ করার পর ভালো করে জানা যাবে।এদিকে নিহত সাদেকের প্রবাসী ছেলে শিহাব মা-বাবার খুন হওয়ার খবর পেয়ে গতকাল ঢাকায় ফিরেছেন। এ ছাড়া বিদেশ থেকে সাদেকের বড় মেয়ের শুক্রবার ভোরে ঢাকা পৌঁছার কথা বলে পরিবারের লোকজন জানিয়েছেন।ব্যবসায়ী দম্পতির লাশ আজ শুক্রবার বারডেম হাসপাতাল থেকে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে নেওয়া হবে। বিকেলে তাঁদের দাফন করা হবে।এলাকার বখাটে যুবক রুবেল ব্যবসায়ী সাদেকের ছোট মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেও তার পরিবার রাজি হয়নি। বুধবার সকালে রুবেল তার বন্ধু মিথুনকে নিয়ে ওই বাড়িতে গিয়ে মেয়েটিকে বিয়ের জন্য চাপ দেয় এবং একপর্যায়ে তাকে অপহরণের হুমকি দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাদেক ও তাঁর স্ত্রীকে গুলি করে রুবেল। গুলিবিদ্ধ দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।নিন্দা ও প্রতিবাদ: হত্যাকারী রুবেল ও মিথুনকে গ্রেপ্তার এবং তাদের বিচার দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সারি মালিক সমিতি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন। সাদেক নার্সারি মালিক সমিতির নেতা ছিলেন। মালিক সমিতির পরিচালক রফিকুল ইসলাম জানান, আজ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হবে।এ ছাড়া আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আইন ও সালিশ কেন্দ্র, কর্মজীবী নারী, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে।গ্রামবাসী শোকাহতরায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, সাদিকুর রহমানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, গ্রামবাসী শোকাহত ও ক্ষুব্ধ। বাড়ির তত্ত্বাবধায়ক মো. নূর হোসেন জানান, মালিক (সাদেক) বাড়িতে এলে আশপাশের মানুষ তাঁর কাছে আসত। তাদের বিপদ-আপদে সহায়তা করতেন। বুধবার বাড়ি থেকে ঢাকা যাওয়ার সময় পুকুর থেকে মাছ, গাছের বরই, খেতের তরিতরকারি নিয়ে যান। এগুলো নিয়ে তাঁর বিদেশে থাকা ছেলের কাছে যাওয়ার কথা।শোকে বিহ্বল সাদেকের মা মনিফা বেগম গতকাল ভোরে ঢাকা থেকে বাড়ি আসেন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। সাদেকের চাচা শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাদেক ঢাকায় বসবাস করলেও মাসে দু-তিনবার গ্রামে আসতেন। এবার ঢাকায় যাওয়ার সময় আমাকে বলেন, ছেলেটাকে অনেক দিন দেখি না। আমি ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন নার্গিসসহ মালয়েশিয়া যাব। ২০-২৫ দিন থেকে চলে আসব। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই ২৬ মার্চই তাঁকে দাফন করা হবে।’