দুই গাড়িতে আগুন, ২৫টি ভাঙচুর
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশিক্ষণার্থী চালকের গাড়ি এক ছাত্রকে চাপা দিয়েছে। কলেজ শিক্ষার্থী ওই চালকের গাড়িতে করে আহত ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হাসপাতালে গেছেন এবং জরুরি বিভাগের সামনে রাখা মেয়েটির গাড়ি জ্বালিয়ে দিয়েছেন। এরপর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা আরও একটি গাড়ি পুড়িয়েছেন। ঘণ্টা তিনেক ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ভাঙচুর করেছেন আরও ২০ থেকে ২৫টি গাড়ি। ফলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সব পথ দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিতে হয়েছে পুলিশকে। এ কারণে দুপুর থেকে শহরের মূল সড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাত আটটা পর্যন্ত এই যানজটে পড়ে ভুগতে হয়েছে নগরবাসীকে।গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ ও শামসুন্নাহার হলসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত সাধন কুমার ঘোষ মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। জগন্নাথ হলের আবাসিক এই ছাত্রের বাড়ি খুলনায়। সাধন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসক আবদুস সালাম প্রথম আলোকে জানিয়েছেন, সাধনের মাথার পেছনে আঘাত লেগেছে। সিটি স্ক্যান করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।প্রশিক্ষণার্থী চালকের গাড়ির চাপায় গত বছরের ২২ জুন মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক পরিমল কুমার সাহার স্ত্রী অনিমা রানী সাহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার আবাসিক এলাকার উল্টোদিকের জগন্নাথ হলের দেয়াল ঘেঁষে ওই ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর ক্যাম্পাসে সব ধরনের প্রশিক্ষণ গাড়ি (ট্রেনিং কার) চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে প্রায়ই ক্যাম্পাসে গাড়ি চালনা শিখতে বাইরের লোকজন আসে বলে অভিযোগ ছাত্রদের। সাধনের সহপাঠী মনোবিজ্ঞান বিভাগের একই বর্ষের ছাত্র দীপঙ্কর প্রথম আলোকে জানান, ১২টায় তাঁদের ক্লাস শেষ হয়। সাধন দুপুরের খাবার খেতে হলের দিকে রওনা হন। ঘটনার প্রত্যক্ষদর্শী জগন্নাথ হলের ছাত্র মোহন কুমার দাস প্রথম আলোকে জানান, সাধন যখন শামসুন্নাহার হলসংলগ্ন গেটের কাছাকাছি, তখন পেছন থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৫-৮১৬৫) ছুটে আসে। সাধন রাস্তা ছেড়ে ঘাসের পথে নেমে যান। মুহূর্তেই গাড়িটি তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি লুটিয়ে পড়েন। উপস্থিত ছাত্ররা তাঁকে উদ্ধার করে ওই গাড়িতে করেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, সিটি কলেজের ছাত্রী রুবাইয়া হক কলেজ শেষে বাসায় ফেরার পথে চালককে পাশে রেখে নিজে গাড়ি চালনা শিখছিলেন। গাড়িতে তাঁর দুই বান্ধবীও ছিলেন। দুর্ঘটনার পর ছাত্ররা ওই দুই বান্ধবীকে জগন্নাথ হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যান। ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আড়াইটার দিকে তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাড়িচালক জাবেদ আর রুবাইয়াকে থানায় নিয়ে যায় পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পাশের কক্ষে বসা ওই দুই ছাত্রী প্রথম আলোকে জানান, তাঁদের তিনজনের বাসাই লালবাগ এলাকায়। প্রতিদিনের মতো কলেজের ক্লাস শেষে একসঙ্গে তাঁরা বাড়ি ফিরছিলেন গাড়িতে করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এলে রুবাইয়া তাঁকে গাড়ি চালানো শেখাতে বলেন চালক জাবেদকে। এরপর তাঁরা গাড়ি নিয়ে জগন্নাথ হল এলাকার দিকে যান এবং সেখানে দুর্ঘটনাটি ঘটে।বিকেল সাড়ে তিনটায় যখন এই দুই ছাত্রীর সঙ্গে কথা হচ্ছিল, তখন পাশে ডিউটি অফিসারের কক্ষে বসে কাঁদছিলেন রুবাইয়া। তাই তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। চালক জাবেদও ওই কক্ষে ছিলেন।ক্যাম্পাসে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর: বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধন আহত হওয়ার খবরে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন। বেলা দেড়টার দিকে ক্ষুব্ধ ছাত্ররা জরুরি বিভাগের সামনে থাকা রুবাইয়ার গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান। পুলিশ গিয়ে রুবাইয়া ও গাড়িচালক জাবেদকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এর পর ছাত্ররা দোয়েল চত্বর, টিএসসিসহ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরেও। পুলিশ শহীদ মিনারের সামনে ছাত্রদের থামানোর চেষ্টা করে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাধন মারা গেছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে বিকেল চারটার দিকে জগন্নাথ হলের ছাত্ররা ফের টিএসসি এলাকায় জড়ো হন। এ সময় তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন ছাত্রলীগের নেতারা। পরে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় শিক্ষার্থীরা জগন্নাথ হলের সামনে আরেকটি গাড়ি জ্বালিয়ে দেন। তাঁরা রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালে কয়েকজন সাংবাদিককেও লাঞ্ছিত করেন ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায়ই বাইরের লোকজন গাড়ি চালানো শিখতে আসেন। বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী গাড়ি চলাচলের নিয়ম না থাকলেও গাড়ি চলছেই। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। সম্প্রতি টিএসসি এলাকায় গাড়িচাপায় মারা যান রোকেয়া হলের এক কর্মচারী। এত ঘটনা ঘটলেও ক্যাম্পাসের নিরাপত্তায় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ছাত্রদের। সাধারণ ছাত্রদের অভিযোগ, গতকাল দুপুরে দুর্ঘটনায় ছাত্র আহত হলেও উপাচার্য তাঁকে দেখতে যান সন্ধ্যা সাতটায়।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাইরের গাড়ি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আছে। কিন্তু দিন দিন শহর ব্যস্ত হয়ে ওঠায় এ আইনের যথাযথ প্রয়োগ সম্ভব হচ্ছে না। তবে বহিরাগত গাড়ির প্রবেশ থামাতে শিগগির বিশ্ববিদ্যালয় এলাকার আটটি চেকপোস্টে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘গত বছরের দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় প্রশিক্ষণ গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পরও অনেকে এখানে আসছেন। এ ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলা হবে।’ রাত সাড়ে নয়টায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, চালকসহ তিন ছাত্রী এখনো থানায় আটক আছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।