দুই গৃহবধূ নির্যাতনের নির্দেশদাতারা গ্রেপ্তার হননি
রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর কাশীগঞ্জে গ্রাম্য সালিসে বিচারের নামে নির্যাতিত সেই দুই গৃহবধূ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর ১২ দিন পেরিয়ে গেলেও ওই সালিসে সভাপতিত্বকারী বিএনপির নেতাসহ নির্যাতনের নির্দেশদাতাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।দুই গৃহবধূর সঙ্গে কথা বলার পর গত শনিবার বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন আইন ও শালিস কেন্দ্রের (আসক) জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা আবু আহম্মেদ ফয়জুল কবির। এতে তিনি দুই গৃহবধূর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।ফয়জুল কবির প্রথম আলোকে বলেন, মাতবরদের হুমকির মুখে নির্যাতিত দুই গৃহবধূ এখন আর মুখ খোলার সাহস পাচ্ছেন না। এমনকি নির্যাতিত হওয়ার কথাও স্বীকার করছেন না। তাই অবিলম্বে মাতবরদের গ্রেপ্তার ও দুই গৃহবধূর নিরাপত্তা দেওয়া দরকার।ফয়জুল কবির বলেন, ‘সরেজমিন পরিদর্শনে গ্রাম্য সালিসে দুই গৃহবধূকে চরিত্রহীনার অপবাদ দিয়ে শত শত মানুষের সামনে বিচারের নামে লাঠিপেটা করার সত্যতা পেয়েছি। আইন ও সালিস কেন্দ্র নির্যাতিত ব্যক্তিদের পক্ষে আইনি সহায়তা দেবে।’এ ছাড়া নির্দেশদাতাদের পুলিশ এখনো গ্রেপ্তার না করায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক, নাগরিক উদ্যোগ, আরডিআরএস। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবার রাতে মহুবর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এর আগে গ্রেপ্তার হন এনামুল হক ও এনামুল হোসেন। তবে ঘটনার পর ১২ দিন পেরিয়ে গেলেও ওই সালিসে সভাপতিত্বকারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মণ্ডল, সালিসে উপস্থিত স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়নাল হক, বিএনপি নেতা আবদুল কাদের, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাহেদ আলী, ইউপি সদস্য ইলিয়াছ আলী, আবদুল আউয়াল ও শিক্ষক সেকেন্দার আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজেন্দ্র কুমার বলেন, তিন আসামিকে গতকাল রোববার আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সালিসে নির্যাতনের নির্দেশদাতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’উপজেলার রাজারামপুর নাওপাড়া গ্রামের ৩০ বছর বয়সী এক ব্যক্তি গত ২৩ জুন বিষপানে আত্মহত্যা করেন। ওই ব্যক্তির পরিবারের লোকজন অভিযোগে করে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় বিচারের জন্য ২৬ জুন সালিস বসে। সালিসে ওই ব্যক্তির স্ত্রী এবং পাশের বাড়ির এক গৃহবধূকে চরিত্রহীনা অপবাদ দিয়ে প্রকাশ্যে লাঠিপেটা করা হয়। এ ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম গত বুধবার বদরগঞ্জ থানায় মামলা করেন।