বদরগঞ্জে দুই গৃহবধূকে লাঠিপেটাআদালত চত্বরে চার আসামি গ্রেপ্তার
দুই গৃহবধূর বক্তব্য শুনতে চান হাইকোর্ট
রংপুরের বদরগঞ্জে নির্যাতনের শিকার দুই গৃহবধূর বক্তব্য শুনতে চেয়েছেন হাইকোর্ট। এ জন্য ৭ আগস্ট তাঁদের আদালতে নিয়ে আসতে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া তদন্তে নাম আসায় গতকাল আদালতের নির্দেশে তাৎ ক্ষণিক চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মণ্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাহেদ আলী, ইউপি সদস্য ইলিয়াস আলী ও মাদ্রাসাশিক্ষক সেকান্দার আলী। শুনানিকালে আদালত বলেন, ‘সালিসের নামে শাস্তি দেওয়া ফৌজদারি অপরাধ। সালিস-ব্যবসা বন্ধ করতে হবে। সালিসের নামে কেউ আইন হাতে তুলে নেবে, এটা আমরা দেখতে চাই না। এ ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ হতে হবে। পুলিশের দায়িত্ব এটা বন্ধ করা। কোনো পুলিশ কর্মকর্তা যদি তা করতে ব্যর্থ হন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ হাইকোর্টের ২৪ জুলাই দেওয়া নির্দেশ অনুসারে গতকাল সকালে আদালতে হাজির হন বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার এবং সালিসে অংশ নেওয়া সাত ব্যক্তি। তাঁরা হলেন এনামুল হক, এনামুল হোসেন, আয়নাল হক, আবদুর রউফ মণ্ডল, মোজাহেদ আলী, ইলিয়াস আলী ও সেকান্দার আলী। এর মধ্যে প্রথম তিনজন গ্রেপ্তার হয়েছেন। গতকাল আদালত ওসির বক্তব্য শোনেন। তদন্তে নাম আসায় রউফ মণ্ডল, মোজাহেদ আলী, ইলিয়াস আলী ও সেকান্দার আলীকে আদালত তাৎ ক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দেন। আদালত থেকে বের হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। ওসি তোবারক আলী বিকেলে প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অনুসারে রউফ মণ্ডলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘সালিসে প্রকাশ্যে দুই গৃহবধূকে লাঠিপেটা’ শিরোনামে ৭ জুলাই প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে এলে ২৪ জুলাই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং বদরগঞ্জ থানার ওসি ও সালিসে অংশ নেওয়া সাতজনকে ৩১ জুলাই হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওসি, গ্রেপ্তার হওয়া তিন আসামি এনামুল হক, এনামুল হোসেন, আয়নাল হক ও সালিসে অংশ নেওয়া চারজন হাজির হন। বেলা সাড়ে ১১টার দিকে শুনানি শুরু হয়। শুরুতে আদালত ওসির কাছে জানতে চান, কবে এফআইআর হয়েছে। ওসি বলেন, ঘটনার দিন হয়েছে। আদালত জানতে চান, থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব কতটুকু। ওসি বলেন, ছয়-সাত কিলোমিটার হবে। ওসি সালিসের খবর পেয়েছিলেন কি না, আদালত তা জানতে চান। ওসি ‘না’ বললে আদালত বলেন, ‘খবর না পেয়ে থাকলে সেটা আপনার ব্যর্থতা ও কর্তব্যে অবহেলা। আপনাকে বরখাস্ত করা উচিত। আপনার কোনো অধিকার নেই পুলিশ বাহিনীতে থাকার।’ ওসি বলেন, ‘ভুল হয়েছে।’ আদালত বলেন, নারী ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ আইনের ধারা যুক্ত করেননি কেন। আপনি মারাত্মকভাবে দায়িত্বে অবহেলা করেছেন। ৩২৩ ধারার অভিযোগ দিয়েছেন। পাঁচ মিনিটে আসামিরা জামিন পেয়ে যাবেন। ওখানে তো ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রের জন্য দণ্ডবিধির ১২০ ধারা কেন দেননি। এখানে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের ধারাটি কেন দিলেন না। জবাবে ওসি আবারও ভুল স্বীকার করেন। আদালত বলেন, ‘আপনার মতো দু-চারজন সদস্যের জন্য গোটা পুলিশ বাহিনীর সুনাম নষ্ট হোক, আমরা চাই না। ফৌজদারি কার্যবিধি সম্পর্কে আপনার বেসিক ধারণা নেই। কীভাবে আপনি ইন্সপেক্টর হলেন। এমন সেকশন দিয়েছেন, যাতে আসামিদের জামিন হয়।’ আদালত জানতে চান, এফআইআরে কার কার নাম রয়েছে। জবাবে ওসি বলেন, এনামুল হক, এনামুল হোসেনসহ আরও অনেকে আছেন। আদালত বলেন, আর কার নাম আছে। ওসি বলেন, তদন্তে চেয়ারম্যান আয়নাল হক, আবদুর রউফ মণ্ডল ও মোজাহেদ আছেন। তদন্ত চলছে। আদালত বলেন, কতজন গ্রেপ্তার আছেন। ওসি বলেন, তিনজন। আদালত বলেন, কাদের গ্রেপ্তার করেননি। জবাবে ওসি রউফ মণ্ডলসহ কয়েকটি নাম উচ্চারণ করেন। আদালত বলেন, গ্রেপ্তার করে কী লাভ হবে। আপনি আইনের প্রক্রিয়ার ব্যাঘাত ঘটিয়েছেন। মামলায় সেসব সেকশন দিয়েছেন, তাতে আসামিদের জামিন হয়ে যাবে। এতদিন জামিন হয়নি এটাই আশ্চর্যের বিষয়। আদালত ওসির কাছে অপহরণের সংজ্ঞা জানতে চান। ওসি চুপ থাকেন। আদালত বলেন, এমন ব্যবস্থা করেছেন, যাতে আদালতে দাঁড়ালে আসামিরা জামিন পেয়ে যায়।আদালতে বদরগঞ্জের ওসির পক্ষে আইনজীবী নুরুল ইসলাম সুজন, সেকান্দারের পক্ষে ইউসুফ হোসেন হুমায়ুন ও অপর আসামিদের পক্ষে রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আদেশের বিষয়ে আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আদালত এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ১০ ধারা, দণ্ডবিধির ১২০, ১৪৭, ২০৩ ও ৩২৫ ধারা উল্লেখ করার নির্দেশ দিয়েছেন। এসব ধারায় অপহরণ, নির্যাতন, ষড়যন্ত্র ও অবৈধ সমাবেশের কথা বলা আছে।দুই গৃহবধূর একজন হাসপাতালে বদরগঞ্জ প্রতিনিধি জানান, গ্রাম্য সালিসে অমানবিক নির্যাতনের শিকার অসুস্থ সেই দুই গৃহবধূর একজন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ সাধীন। গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে তাঁকে স্যালাইন দেওয়া অবস্থায় দেখা যায়।জানা গেছে, গত ২৬ জুন গ্রাম্য সালিসে লাঠিপেটা করার কারণে সুচিকিৎ সা না হওয়ায় ওই দুই গৃহবধূ ধীরে ধীরে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গতকাল একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যজনের বাড়িতে চিকিৎ সা চলছে।হাসপাতালে চিকিৎ সাধীন গৃহবধূ জানান, গ্রাম্য সালিসে চরিত্রহীন অপবাদ দিয়ে এলোপাতাড়ি লাঠিপেটা করায় তাঁর পা ফুলে অনেকটা অবশ হয়ে গেছে। এখন হাঁটতে পারছেন না। শরীরের বিভিন্ন স্থানে তীব্র যন্ত্রণা হচ্ছে। অর্থাভাবে ওষুধ কিনতেও পারছেন না তিনি।স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎ সক আবদুল্লাহ আল মাহাবুব বলেন, আঘাতের কারণে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েছেন। কিছুটা মানসিক সমস্যাও হয়েছে। চিকিৎ সা চলছে।প্রসঙ্গত, উপজেলার রাজারামপুর নাওপাড়া গ্রামের ৩০ বছর বয়সের এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে গত ২৪ জুন বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনার বিচারে ২৬ জুন গ্রামে সালিস বসে। সালিসে ওই ব্যক্তির স্ত্রী এবং পাশের বাড়ির এক গৃহবধূকে চরিত্রহীন অপবাদ দিয়ে স্থানীয় মাতব্বরদের নির্দেশে প্রকাশ্যে লাঠিপেটা করা হয়। এ ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম বাদী হয়ে গত ৬ জুলাই বদরগঞ্জ থানায় মামলা করেন।