দুই গোয়েন্দাপ্রধানকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ও এমআইয়ের প্রধানকে তলব করেছেন রাওয়ালপিন্ডির একটি আদালত। গত মঙ্গলবার পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামরিক হেফাজতে এক বন্দীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এই দুই শীর্ষ সামরিক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ১৫ অক্টোবর ওই দুই শীর্ষ সামরিক গোয়েন্দা কর্মকর্তাকে এ বিষয়ে শুনানিতে অংশ নেওয়ার জন্য তলব করেছেন আদালত।একই ঘটনায় ওই তারিখে কারা তত্ত্বাবধায়ক ও উপকারা তত্ত্বাবধায়ককে আদালতে হাজির হতে বলেছেন রাওয়ালপিন্ডির অতিরিক্ত দায়রা জজ নাভেদ ইকবাল।এর আগে গত জুলাইয়ে রাওয়ালপিন্ডির জেলা ও দায়রা জজ এই মামলা খারিজ করে দেন। পরে গত আগস্টে মামলার আবেদনকারী লাহোর হাইকোর্টে যান। ১২ সেপ্টেম্বর মামলাটি সেশন জজ আদালতে পাঠানোর আদেশ দেন লাহোর হাইকোর্ট।চলতি বছরের ২১ জানুয়ারি আবদুল সবুর নামের এক ব্যক্তি পেশোয়ারে সামরিক কর্তৃপক্ষের হেফাজতে মারা যান। তাঁর বড় ভাই মুফতি আবদুল শাকুর বাদী হয়ে মামলাটি করেন। আবেদনে বলা হয়, ২০০৭ সালের ২৫ নভেম্বর লাহোর থেকে গোয়েন্দারা সবুর ও তাঁর দুই ভাইকে তুলে নিয়ে যায়।এই দুই শীর্ষ সামরিক গোয়েন্দা কর্মকর্তার আদালতে হাজির হওয়ার বিষয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ, এর আগে একবার হাইকোর্টের আদেশে তাঁরা আদালতে হাজির হতে অস্বীকৃতি জানান।