দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রফিক মিয়া (৬০)। সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জনের বেশি আহত হয়েছেন। এ ছাড়াও সংঘর্ষের সময় সাতটি ঘর ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।গতকাল বৃহস্পতিবার রাতে আলু খেতে পানি দেওয়া কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। এর জের ধরে আজ শুক্রবার দিনব্যাপী দফায় দফায় কেরানীগঞ্জের কোন্ডারচর ও বাক্তারচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কোন্ডারচর গ্রামের সালাম (৫০) তাঁর আলু খেতে জমে থাকা বৃষ্টির পানি বের করে দেওয়ার উদ্দেশ্যে জমির বাঁধ কেটে দেন। ওই পানি গিয়ে পড়ে বাক্তারচর গ্রামের কমর উদ্দিনের আলু খেতে। এর জেরে সালাম ও কমর উদ্দিনের মধ্যে হাতাহাতি হয়। এরপর রাত নয়টার দিকে কমর উদ্দিন তাঁর লোকজন নিয়ে সালাম ও তাঁর আত্মীয়স্বজনের সাতটি ঘর ভাঙচুর করেন। এ ঘটনার পর আজ বেলা ১১টার দিকে আবারও তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাক্তারচর গ্রামবাসী কোন্ডারচর গ্রামের দুধ ব্যবসায়ী রফিককে মারধর করে ঝিলের পানিতে ফেলে দেয়। এরপর দুপুর দুইটার দিকে রফিকের মৃতদেহ ভেসে উঠলে কোন্ডারচর ও বাক্তারচরের গ্রামবাসীরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে উভয় গ্রামের ৫০ জনের বেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে হাসান (৬৫), জহির (৪০), আমান (৩০), শুক্কর (৫৫), এনায়েত হোসেন (২৫), শুভ (২২), ওহিদুল (৩৫), মাইনুদ্দিন (২৫) ও গুলজার হোসেনের (৩৫) নাম জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে। এ ছাড়াও রামদা, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: হাকিম (৬০), মাসুদ (১৭), নওয়াব মিয়া (৫০), আরুস মিয়া (২৫), শুক্কর (৬০), লালচান (২৫), মজিবর (৫৫), রাজু (২১), রুবেল (১৮) এবং ওহিদুল (৩৫)।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারবাহিকতায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করেছে।