দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় আজ শুক্রবার দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন টেঁটাবিদ্ধ হয়েছে। দা ও বল্লমের আঘাতে আহত হয়েছে আরও পাঁচজন। উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দড়িগাঁও গ্রামের শহীদ মেম্বার ও জসিম উদ্দিনের সমর্থক এবং হরিপুর গ্রামের সুমেদ আলী মিয়ার সমর্থকদের দীর্ঘদিনের বিরোধ। এক মাস আগে উভয়পক্ষের মধ্যে একই ধরনের সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়। ওই ঘটনার জের ধরে আজ সকাল সাড়ে সাতটার দিকে উভয়পক্ষ টেঁটা নিয়ে দড়িগাঁও গ্রামের সব্দর আলী খান উচ্চবিদ্যালয় মাঠে এবং হরিপুর বাজারের কাছে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, নরসিংদী সদর ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।দড়িগাঁও গ্রামের জসিম উদ্দিন বলেন, হরিপুরের সুমেদ আলীর বাহিনীর অন্যায়-অত্যাচারের জবাব দেওয়ায় তাঁদের গ্রামের মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে।তবে অভিযোগ অস্বীকার করে সুমেদ আলীর সমর্থকেরা জানায়, দড়িগাঁও গ্রামের শহীদ মেম্বার ও জসিম উদ্দিন পুরো ইউনিয়নে নিজেদের রাজত্ব কায়েম করেছে। তাঁদের বাহিনীর অন্যায়-অত্যাচার প্রতিরোধ করতে গেলেই তাঁরা হামলা চালান। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।