দুই গ্রামের মানুষ স্বাবলম্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে ইতনা ইউনিয়নে প্রমত্তা মধুমতীর তীরঘেঁষে দক্ষিণ লংকারচর ও দক্ষিণ পাংখারচর গ্রাম। চর এলাকার এই দুই গ্রামের বাসিন্দার অধিকাংশই খেটে-খাওয়া মানুষ। বেশির ভাগই কৃষিজীবী ও খেতমজুর। কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ বা ভ্যানচালক। একসময় চরের অন্য আট-দশটি গ্রামের মতো এ দুই গ্রামের মানুষের নুন আনতে পানতা ফুরায় অবস্থা ছিল। সম্প্রতি পাল্টে গেছে এ গ্রাম দুটির মানুষের জীবনচিত্র। সংসারে ফিরেছে সচ্ছলতা। বেড়েছে স্বাস্থ্যসচেতনতা।এই এগিয়ে যাওয়ার দিশারি এ গ্রামের একজন অশিক্ষিত খেটে-খাওয়া মানুষ অনুকুল সরকার (৫২)। নিজে লেখাপড়া জানেন না, অথচ যেকোনা সমস্যার সমাধান আছে তাঁর কাছে। পেছনের কথা: ১৯৬৯ সাল। পরিবারের একমাত্র অবলম্বন অনুকুলের দরিদ্র কৃষক পিতার মৃত্যু হয়। তখন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মেধাবী অনুকুল সরকারকে জীবিকার তাগিদে লেখাপড়া ছাড়তে হয়। হাতে নেন লাঙল-জোয়াল। চেষ্টা, বুদ্ধি আর চাষাবাদে আধুনিক কলাকৌশল রপ্ত করে তিনি নিজের সংসারে সচ্ছলতা এনেছেন। লেখাপড়া শিখিয়েছেন ছোট ভাইবোনদের। চার ভাইয়ের মধ্যে দুই ভাই কলেজের শিক্ষক, অন্য ভাই বিএডিসিতে চাকরি করেন। তাঁর পরিবার এখন সমাজে প্রতিষ্ঠিত ও মর্যাদা পেয়েছে। কিন্তু এলাকার মানুষের দুঃখ গভীরভাবে নাড়া দেয় তাঁকে। তাই বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধ করেন কৃষকদের। পরামর্শ দেন অল্প জমিতে কীভাবে বেশি ফসল ফলাতে হয়, কোন জমিতে কী ফসল ফলাতে হয়, কী জাতের বীজ দিতে হয়, এগুলো কোথায় পাওয়া যায়, কোন সার কতটুকু প্রয়োগ করতে হয়, রাসায়নিক সার বাদ দিয়ে কীভাবে জৈব সার তৈরি করতে হয়, কীটনাশক (বিষ) ব্যবহার না করে কীভাবে বালাই দমন করা যায়। আর স্থানীয় কৃষি বিভাগও অনুকুলের পিছু নেয়। নতুন ফসল, নতুন বীজ, নতুন কলাকৌশল সম্পর্কে অনুকুলকে অবহিত করে প্রতিনিয়ত।সাফল্যের নেপথ্যে: এ দুই গ্রামের কৃষকরা এখন একেকজন কৃষি বিশেষজ্ঞ। অধিকাংশ কৃষক চাষাবাদের আধুনিক কলাকৌশল রপ্ত করে চলেছেন। এলাকার আবাদি একই জমিতে সাথি ফসল (সমন্বিত) চাষ হয়। তিন-চার রকমের ফসলও ফলে একই সময়। ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা শক্তিপদ বিশ্বাস জানান, সাথি ফসলের চাষে মাটির স্বাস্থ্য ভালো থাকে এ বিষয়টিও বুঝে নিয়েছে এ এলাকার কৃষকেরা। প্রতিটি বাড়িতে গর্ত করে গোবর ও আবর্জনা ফেলে জৈব সার তৈরি করা হচ্ছে। একেক বাড়িতে ৫০ থেকে ২০০ মণ জৈব সার হচ্ছে। গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সময় দিচ্ছে চাষাবাদে। কৃষক অবণী বৈদ্য (৫৬) বলেন, ‘আগে সংসার ছিল অসচ্ছল। নতুন নতুন কলাকৌশল রপ্ত করে একই জমিতে চাষাবাদ করে এখন সচ্ছলতা কিছুটা এসেছে।’ কৃষক ইব্রাহিম মোল্লা (৫৪) বলেন, ‘জমিতে কী উপাদানের অভাব আছে তা বুঝতে শিখেছি।’ কৃষক আবদুল হান্নান (৩৯) বলেন, ‘খেতে বাঁশের কঞ্চি পুঁতে কীটনাশক (বিষ) ব্যবহার ছাড়াই ফসল ফলাচ্ছি। ওই কঞ্চিতে পাখি বসে পোকামাকড় ধ্বংস করে। এখন বেশির ভাগ কৃষক খেতে বিষ না দিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তিতে চাষাবাদ করছেন।’ ষাটোর্ধ্ব কৃষক আলতাফ হোসেন মোল্লা বলেন, ‘গ্রামের সবাই এখন গুঁটি ইউরিয়া ব্যবহার করে। সবাই জানে কী পরিমাণ সার-বীজ কখন কোন জমিতে দিতে হবে। এসবের শিক্ষক অনুকুল সরকার।’সমবায় সমিতি গঠন: অনুকুল এক দশক ধরে বিচ্ছিন্নভাবে কৃষি পরিবারগুলোকে সহযোগিতা করছিলেন। কিন্তু এতে মজা পাচ্ছিলেন না। এগিয়ে যান কৃষকদের ঐক্যবদ্ধ করতে। এ সময় পাশে এসে দাঁড়ান তাঁর ছোট ভাই ইতনা কলেজের বাংলা বিষয়ের শিক্ষক অনিন্দ্য সরকার। অনিন্দ্য সরকারকে সভাপতি করে ২০০৮ সালের এপ্রিল মাসে ২০ জন কৃষক নিয়ে গড়ে তোলেন দক্ষিণ লংকারচর-পাংখারচর কৃষক সমবায় সমিতি। ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন প্রকাশ কুমার বিশ্বাস। তিনি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এখন কৃষি পেশায়। তিনি বলেন, ‘আমি কৃষক পরিবারের সন্তান। তাই কৃষিনির্ভর হয়ে সচ্ছল হতে চাই। আমাকে দেখে অন্য শিক্ষিত যুবকেরাও এগিয়ে আসছে। এর মধ্যে সঞ্জয় বৈদ্য, ইলিয়াস শেখ, কালিপদ বিশ্বাস, সেবানন্দ বৈদ্য, বিকাশ পোদ্দার, ননী গোপাল দত্ত, অবণী ভুষণ বৈদ্য ও পারভীন খাতুন অন্যতম। এভাবে এলাকায় কৃষি পেশা মর্যাদা পাবে।’ প্রতি মাসে ১০০ টাকা করে সমিতির তহবিলে তাঁরা জমা দেন। তাঁদের বর্তমান মূলধন সাড়ে চার লাখ টাকা। সার, বীজ, ওষুধ, ডিজেল, সেচ মেশিন, ভ্যান ইত্যাদি কিনতে সর্বোচ্চ ২০ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়। এখন সদস্যসংখ্যা ১০১। সমিতি থেকে ঋণ নিয়ে অনেকে ক্ষুদ্র ব্যবসায়ও বিনিয়োগ করেছেন। এ দুই গ্রামের কৃষক চড়া সুদের এনজিও ঋণ বর্জন করেছে। কৃষক রাজ্জাক মোল্লা (৩৫) বলেন, ‘আমাদের সবচেয়ে উপকার হয়েছে যে সময়মতো সার, বীজ, ডিজেল ও ওষুধ কিনতে এ সমিতির সুদমুক্ত ঋণ পাচ্ছি।’ লিয়াকত মোল্লা (৪৫) বলেন, ‘সমিতির ঋণ নিয়ে সেচ মেশিন ও নছিমন কিনছি। হ্যান্যে আর অভাব নাই।’ সামাজিক কাজকর্ম ও মানবিক সহায়তায়ও সমিতি এগিয়ে এসেছে। প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করছে। গরিব ছাত্রদের সহায়তা করা হচ্ছে। দেওয়া হচ্ছে বিবাহ ঋণ, ঘর নির্মাণ ঋণ। কৃষক মিজানুর রহমান (৩৮) জানান, সময়মতো ঋণ না পেলে ছোট বোনের বিয়েটা হয়তো ভেঙে যেত।সরেজমিনে: দক্ষিণ লংকারচর গ্রামে অনুকুল সরকারের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন। এটি ছিল সমিতির মাসিক সভা। সেখানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও সম্পাদকসহ উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর, উপসহকারী কৃষি কর্মকর্তা শক্তিপদ বিশ্বাস ও রফিকুল ইসলাম। অনুকুল সরকার বলেন, ‘নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ দুই গ্রামের বেশির ভাগ পরিবারকে অভাবমুক্ত করেছি। ভবিষ্যতে পুরো ইউনিয়নকে অভাবমুক্ত করার চেষ্টা রয়েছে।’সমিতির সভাপতি অনিন্দ্য সরকার বলেন, ‘ছুটির দিন এবং অবসরে নিজে মাঠে যাই। ফসল কাটি, খেত নিড়াই, লাঙল দিয়ে জমি চষি। এতে শরীর ও মন ভালো থাকে, উত্পাদনও বেশি হয় এবং কৃষি মানেই যে চাষাভুষা নয়, তা সমাজে বোঝাতে চাই। এ সমিতির ঋণ নিয়ে অন্যান্য ঋণের মতো খেয়ে ফেলা যায় না। সবার তত্ত্বাবধানে এ ঋণ উত্পাদনশীল কাজেই ব্যবহার হয়। ঋণ গ্রহিতা সচ্ছল হতে বাধ্য। একঘেয়েমি এড়াতে কৃষকদের চিত্তবিনোদনের ব্যবস্থাও করা হয়। বড় ভাই অনুকুল সরকার সংসারের হাল ধরে আমাদের মানুষ করেছেন। আমাদের পরিবারকে প্রতিষ্ঠিত করেছেন। এখন চলছে তাঁর অন্য পরিবারগুলোকে প্রতিষ্ঠিত করার কৃষি আন্দোলন।’উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর বলেন, ‘অনুকুল সরকারের প্রচেষ্টায় দুই গ্রামের অনেকেই এখন স্বাবলম্বী এবং স্বাস্থ্যসচেতন। দারিদ্র্য বিমোচনে তাঁর এই উদ্যোগ ও কর্মকাণ্ড অনুকরণীয় দৃষ্টান্ত।’